কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

মাদক নির্মূলে জিয়ারখী ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডে আলোচনা সভা

বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়া সদর উপজেলার জিয়ারখী ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে হররা মেটন এলাকার ঈদগাহ প্রাঙ্গনে আলোচনা সভার আয়োজন করা হয়। মাদকমুক্ত সমাজ গড়তে দলমত নির্বিশেষে মাদক নির্মূল কমিটি করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জিয়ারখী ইউনিয়ন বিএনপির সভাপতি আবু বকর সিদ্দিক। এতে সভাপতিত্ব করেন শহিদুল ইসলাম মেম্বর ও সঞ্চালনা করেন আনোয়ার পারভেজ পিন্টু। আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, স্থানীয় ব্যক্তি সামছুল হক প্রামানিক, সোহেল সামাদ রিপন, হারুন অর রশিদ, ২নং ওয়ার্ড বিএনপি সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক নুর ইসলাম, জিয়ারখী ইউনিয়ন জামায়াতে ইসলামী সেক্রেটারী সাকিবুল হাসান শাওন, ২নং ওয়ার্ড জামায়াতের সভাপতি মনিরুজ্জামান উজ্জ্বল, স্থানীয় ব্যক্তি খোকন প্রমূখ।

এসময় প্রধান অতিথি আবু বকর সিদ্দিক বলেন, মাদক একটি সামাজিক ব্যাধি। মাদকের ভয়াবহতা থেকে যুবসমাজকে রক্ষা করতে পরিবার, সমাজ ও প্রশাসনকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি তরুণদের খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও বিভিন্ন সৃজনশীল কাজে সম্পৃক্ত করার ওপর গুরুত্ব দিতে হবে।

মাদকের কারণে একটি পরিবার যেমন ধ্বংসের দিকে এগিয়ে যায়, তেমনি এর নেতিবাচক প্রভাব পুরো সমাজে পড়ে। তাই মাদক নির্মূলে শুধু আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নির্ভর না করে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, অভিভাবক, ধর্মীয় নেতা ও সচেতন নাগরিকদের এগিয়ে আসতে হবে। এছাড়া অন্য বক্তারা বলেন, আমরা আজ এখানে মাদক নির্মূল কমিটি করলেই দায়িত্ব শেষ হবে না। এলাকায় যারা মাদকের ব্যবসা করে বা সেবন করে তাদেরকে প্রথমে সতর্ক করতে হবে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে। এতে সকলের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন।

কেউ দায়িত্ব পালন করবে আর কেউ চায়ের দোকানে কানা ঘোষা করবে, সেটা হবে না। কমিটির বাইরে থেকেও কাজ করা যায়। বক্তারা বলেন, আসুন সকলে মিলেমিশে দলমত নির্বিশেষে মাদকমুক্ত করে একটি সুন্দর সমাজ গড়ে তুলি। আলোচনা সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি, শিক্ষক, যুবসমাজ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। সভায় জিয়ারখী ইউনিয়নের ২নং ওয়ার্ডকে মাদকমুক্ত রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ এবং মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করা হয়। এদিকে আয়োজকরা জানান দ্রুত সময়ে এলাকার সচেতনমহলকে সাথে নিয়ে একটি মাদক নির্মূল কমিটি করা হবে।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর