কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

খেলাধুলা যুব সমাজকে বিভিন্ন অপরাধ থেকে দুরে রাখে: প্রকৌশলী জাকির সরকার

বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়ার সাবেক তিন মরহুম খেলোয়াড়ের স্মৃতি ও রাজনৈতিক অবদানের প্রতি শ্রদ্ধা জানাতে এক ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। মরহুম হাফিজুর রহমান বাবু, এম এ শামীম আরজু, বদর উদ্দিন শেখ নিলু স্মৃতিতে কুষ্টিয়ার সকল সিনিয়র খেলোয়াড়দের আয়োজনে, গতকাল শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে কুষ্টিয়া সরকারি কলেজ মাঠে ফুটবল টুর্নামেন্ট- ২০২৬ (৪০+) এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহবায়ক কুতুব উদ্দিন আহমেদ। প্রধান অতিথি ছিলেন, জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার। অন্যান্যদের মধ্যে বিশেষ অতিথি ছিলেন, জেলা যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি মেজবাউর রহমান পিন্টু, জেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি আব্দুল হাকিম মাসুদ, জেলা বিএনপির সদস্য আবু তালেব, পৌর যুবদলের আহবায়ক মোস্তাফিজুর রহমান সুমন, ওয়ার্ড বিএনপি নেতা টোকেন প্রমূখ। সিনিয়র খেলোয়াড়দের অংশগ্রহণে আয়োজিত এ টুর্নামেন্ট ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

উল্লেখ্য, মরহুম হাফিজুর রহমান বাবু, যুব স্পোর্টিং ক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এবং সাবেক সভাপতি, ভলিবলের ন্যাশনাল দলের খেলোয়াড়, ফুটবল খেলোয়াড় ছিলেন। এম এ শামিম আরজু, যুব স্পোর্টিং ক্লাবের সাবেক সভাপতি, ক্রিড়া সংগঠক, কুষ্টিয়া জেলা বি এন পির যুগ্ন সম্পাদক ছিলেন। বদরুদ্দীন শেখ নিলু, যুব স্পোর্টিং ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য, ইসলামিয়া কলেজের সাবেক শিক্ষক, বাংলাদেশ ভলিবল দলের খেলোয়াড় ছিলেন।

এসময় কুতুব উদ্দিন আহমেদ বলেন, খেলাধুলা মানুষের শরীর ও মনকে সুস্থ রাখে। বিশেষ করে যুব ও তরুণ সমাজকে মাদক, সন্ত্রাস, অপরাধ ও বিভিন্ন সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। তাই আমাদের প্রত্যেকের দায়িত্ব হলো তরুণদের মাঠমুখী করা এবং তাদের প্রতিভা বিকাশের সুযোগ সৃষ্টি করা। তিনি আরো বলেন, এই আয়োজন প্রয়াত তিন ক্রীড়া সংগঠকের স্মৃতিকে সম্মান জানানোর একটি মহৎ উদ্যোগ।

তারা নিজেদের মেধা, পরিশ্রম ও ক্রীড়া নৈপুণ্যের মাধ্যমে কুষ্টিয়ার ফুটবল অঙ্গনে যে অবদান রেখে গেছেন, তা আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। তাদের জীবন ও ক্রীড়াক্ষেত্রে অবদান আমাদের নতুন প্রজন্মের খেলোয়াড়দের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।

এছাড়া প্রকৌশলী জাকির হোসেন সরকার বলেন, খেলাধুলা যুব ও তরুণ প্রজন্মকে মাদক, সন্ত্রাস ও নানা ধরনের সামাজিক অপরাধ থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সাবেক তিন মরহুম ক্রীড়া সংগঠকের স্মৃতিকে ধরে রাখতে এমন আয়োজন তরুণদের মধ্যে সৌহার্দ্য, ভ্রাতৃত্ব ও সম্প্রীতি বাড়াতে সহায়ক হবে। খেলোয়াড়দের নৈপুণ্য ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

আয়োজকরা জানান, মরহুম এই ক্রীড়া সংগঠকের সামাজিক অবদান নতুন প্রজন্মের কাছে তুলে ধরার পাশাপাশি এলাকার যুবসমাজকে ক্রীড়ামুখী করার লক্ষ্যেই এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের ক্রীড়া আয়োজন অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা। এতে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি, ক্রীড়া সংগঠক ও বিপুলসংখ্যক দর্শক উপস্থিত ছিলেন।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর