দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার দৌলতপুরে বন্যাকবলিত মানুষের দুর্ভোগ লাঘবে উপজেলা প্রশাসনের উদ্যোগে শুকনো খাবার বিতরণ করা হয়েছে। উপজেলার চিলমারী ইউনিয়নের বানভাসি ৭০টি পরিবারের মাঝে চাল, ডাল, তেল, চিনি, গুঁড়া মরিচ ও গুঁড়া হলুদসহ প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
গতকাল বুধবার (৯ সেপ্টেম্বর) চিলমারী ইউনিয়নের বন্যাকবলিত এলাকায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। বন্যায় ক্ষতিগ্রস্ত ও পানিবন্দি পরিবারের হাতে সরাসরি খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার অনিন্দ্য গুহ, চিলমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল মান্নানসহ উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী।
খাদ্যসামগ্রী বিতরণকালে উপজেলা প্রশাসনের কর্মকর্তারা বন্যাকবলিত মানুষের খোঁজখবর নেন এবং তাদের দুর্ভোগের কথা শোনেন। পাশাপাশি বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ ও ক্ষতিগ্রস্ত মানুষের প্রয়োজনীয় সহায়তা অব্যাহত রাখার কথা জানান। স্থানীয়রা জানান, বন্যার পানিতে ঘরবাড়ি ও চলাচলের পথ তলিয়ে যাওয়ায় অনেক পরিবার চরম দুর্ভোগে রয়েছে। এ অবস্থায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে খাদ্য সহায়তা পেয়ে বানভাসি পরিবারগুলো কিছুটা স্বস্তি পেয়েছে।









