বিশেষ প্রতিনিধি ॥ বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির সাবেক চেয়ারপারসন প্রয়াত বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে কুষ্টিয়া জেলা বিএনপির উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার (১৫ আগস্ট) বাদ আসর বিকেলে জেলা বিএনপি কার্যালয়ে দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহবায়ক কুতুব উদ্দিন আহমেদ এবং সঞ্চালনা করেন সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার।
এতে জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। এ সময় প্রয়াত বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে অনুষ্ঠিত দোয়া মাহফিলে তার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া মাহফিলে কুতুব উদ্দিন আহমেদ বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তিনি দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন। তাঁর রাজনৈতিক জীবন ও অবদান বাংলাদেশের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।
প্রকৌশলী জাকির হোসেন সরকার বলেন, দেশের গণতন্ত্র, আইনের শাসন ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠায় প্রয়াত বেগম খালেদা জিয়া আন্দোলন সংগ্রাম করে গেছেন। তিনি আপোষহীন নেত্রী ছিলেন। তাই আগামী দিনে বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। একই সঙ্গে প্রয়াত নেত্রীর আদর্শ ও রাজনৈতিক সংগ্রামকে স্মরণ করে দলকে আরও সুসংগঠিত করার আহ্বান জানান তিনি। দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়া ও তার স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং তার পুত্র আরাফাত রহমান কোকো এর রুহের মাগফিরাত কামনা, তাঁর পরিবারের সদস্যদের সুস্থতা ও শান্তি এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়।









