কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

যৌন হয়রানির অভিযোগে ইবি শিক্ষক আজিজুলকে নিয়ে নতুন সিদ্ধান্ত

ইবি প্রতিনিধি ॥ ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক আজিজুল ইসলাম।

 

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক আজিজুল ইসলামের বিরুদ্ধে ১৩ ছাত্রীর যৌন হয়রানির অভিযোগের বিষয়ে নতুন সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে এ সভায় তার বিরুদ্ধে কোনো শাস্তিমূলক সিদ্ধান্ত নেওয়া হয়নি।

 

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের যৌন নিপীড়ন প্রতিরোধ কমিটিকে আগের তদন্ত প্রতিবেদন পর্যালোচনা করে দ্রুত পরবর্তী সিন্ডিকেট সভায় উপস্থাপন করতে বলা হয়েছে।

 

বিশ্ববিদ্যালয়ের ২৭৫তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. আতিকুর রহমান।

 

জানা যায়, গত ২২ জুন বিভাগের ১৩ ছাত্রী বিভাগীয় সভাপতির কাছে ওই শিক্ষকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দেন। অভিযোগে তারা উল্লেখ করেন, ওই শিক্ষক ছাত্রীদের ভিডিও কল দিতেন, হোয়াটসঅ্যাপে কুরুচিপূর্ণ বার্তা পাঠাতেন এবং কল না ধরলে পরীক্ষার ফল খারাপ করানোর হুমকি দিতেন। এ ছাড়া ইচ্ছাকৃতভাবে নম্বর কম দেওয়া, কক্ষে ডেকে ব্যক্তিগত ও পারিবারিক বিষয়ে আপত্তিকর প্রশ্ন করা, শ্রেণিকক্ষে সবার সামনে অশালীন ইঙ্গিত করা, বিবাহিত ছাত্রীদের ব্যক্তিজীবন নিয়ে আপত্তিকর মন্তব্য করা, পছন্দের ছাত্রীদের নিজের অধীনে প্রকল্প করতে বাধ্য করা এবং শারীরিক গঠন নিয়ে কটূক্তিসহ বিভিন্নভাবে হয়রানির অভিযোগও করেন তারা। অভিযোগকারীরা ওই শিক্ষকের স্থায়ী বহিষ্কারের দাবিও জানিয়েছিলেন।

 

অভিযোগের পর গত ২৮ জুন পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাকে বিভাগের সব কার্যক্রম থেকে বিরত রাখে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ সময় ভুক্তভোগীরা আরও অভিযোগ করেন, অভিযুক্ত শিক্ষককে রক্ষায় কয়েকজন সহকর্মী তদবির করছেন এবং অভিযোগকারীদের ডেকে সমঝোতার চেষ্টা চালাচ্ছেন।

 

অভিযোগগুলোর বিষয়ে তদন্তের জন্য গত বছরের ৫ জুলাই আল-ফিকহ অ্যান্ড ল’ বিভাগের অধ্যাপক ড. মুহাম্মাদ নাজিমুদ্দিনকে আহ্বায়ক করে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। পরে কমিটি তদন্ত প্রতিবেদন জমা দেয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সেই প্রতিবেদন বিশ্ববিদ্যালয়ের যৌন নিপীড়ন প্রতিরোধ কমিটির মাধ্যমে পর্যালোচনা করে পরবর্তী সিন্ডিকেট সভায় উপস্থাপন করা হবে।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর