কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

আব্দালপুরে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল সম্পন্ন 

বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়া সদর উপজেলার আব্দালপুরে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল সম্পন্ন হয়েছে। টানটান উত্তেজনাপূর্ণ দুই সেমিফাইনাল শেষে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে ঝিনাইদহ জেলার শৈলকূপা উপজেলার শেরপুর ও হরিণাকুন্ডু উপজেলার রিষখালি ফুটবল দল।

গতকাল বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে আব্দালপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত ২য় সেমিফাইনালকে ঘিরে আব্দালপুর মাঠে ফুটবলপ্রেমীদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। নির্ধারিত সময়ে খেলোয়াড়দের দুর্দান্ত নৈপুণ্য, আক্রমণ-পাল্টা আক্রমণ এবং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই দর্শকদের মাঝে বাড়তি উত্তেজনা তৈরি করে। ২য় দিনের সেমিফাইনাল ম্যাচে হরিণাকুন্ডু উপজেলার রিষখালি ফুটবল টিম ভায়না ফুটবল টিমকে ২-১ গোলে পরাজিত করে এবং রিষখালি ফাইনালের টিকিট নিশ্চিত করে।

এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়োজক কমিটির সভাপতি মামুন অর রশিদ মামুন। এতে প্রধান অতিথি ছিলেন, ইবি থানার অফিসার ইনচার্জ এস এম মামুনুর রশিদ। বিশেষ অতিথি ছিলেন আব্দালপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান লিয়াকত আলী বিশ্বাস, আয়োজক কমিটির প্রধান উপদেষ্টা প্রফেসর ইউসুফ আলী বিশ্বাস, উপদেষ্টা ইমদাদুল হক, সাইদুল ইসলাম, হরিণাকুন্ডু উপজেলা বিএনপির সহ সভাপতি মোশাররফ হোসেন, ভায়না ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক বদরুজ্জামান মেম্বার প্রমূখ। এদিকে টুর্নামেন্টের শিরোপা নির্ধারণী ম্যাচে এখন দুই দলের লড়াই দেখার অপেক্ষায় রয়েছেন স্থানীয় ক্রীড়াপ্রেমীরা।

এসময় প্রধান অতিথি ইবি থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মামুনুর রশিদ বলেন, “খেলাধুলা মানুষের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি তরুণ সমাজকে মাদক, সন্ত্রাস ও বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একটি সুন্দর ও সুস্থ সমাজ গঠনে নিয়মিত খেলাধুলার আয়োজন অত্যন্ত প্রয়োজন। তিনি আরও বলেন, এ ধরনের প্রতিযোগিতার মাধ্যমে তরুণ খেলোয়াড়দের প্রতিভা বিকাশের সুযোগ সৃষ্টি হয় এবং পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় হয়।

টুর্নামেন্টের ফাইনালে ওঠা দুটি ফুটবল দলকে অভিনন্দন জানাই। আশা করি, ফাইনাল ম্যাচটি অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও উপভোগ্য হবে। আয়োজক কমিটির সভাপতি মামুন অর রশিদ মামুন বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোর স্মৃতিকে ঘিরে আয়োজিত এ ফুটবল টুর্নামেন্টে শুরু থেকেই দর্শকদের ব্যাপক আগ্রহ দেখা গেছে। ফাইনাল ম্যাচকে আরও জমজমাট ও আকর্ষণীয় করতে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে। খুব দ্রুত সময়ে শেরপুর ও রিষখালি ফুটবল টিমের অংশ গ্রহনে ফাইনাল খেলা সম্পন্ন করা হবে।

আশাকরি এলাকাবাসীর সার্বিক সহযোগিতায় সুষ্ঠুভাবে ফাইনাল খেলা সম্পন্ন হবে ইনশাআল্লাহ। তিনি আরো জানান, খেলার শুরু থেকে প্রধান রেফারির দায়িত্বে ছিলেন আয়োজক কমিটির সাধারণ সম্পাদক উজ্জ্বল হোসেন, সাইড রেফারির দায়িত্বে ছিলেন রিফাজুল রিফা ও সবুজ হোসেন। ম্যাচ শেষে আয়োজক কমিটির পক্ষ থেকে অংশগ্রহণকারী দুই দলের খেলোয়াড়, কর্মকর্তা, স্বেচ্ছাসেবক, রেফারি, নিরাপত্তাকর্মী, পৃষ্ঠপোষক, গণমাধ্যমকর্মী এবং উপস্থিত সকল দর্শকের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। 

 

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর