বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার (৭ নভেম্বর) সকাল ১০টায় জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক তৌহিদ বিন-হাসান। তিনি বলেন, রাজনৈতিক ও সামাজিক বিভেদ ভুলে জাতীয় ঐক্যের ভিত্তিতে একটি উন্নত, সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, একসময় ৭ নভেম্বর ছিল জনগণের আস্থা, প্রত্যাশা ও ঐক্যের প্রতীক। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাষ্ট্র গঠনের দর্শন ছিল সাম্য, অর্থনৈতিক স্বনির্ভরতা, দারিদ্র্যমুক্তি এবং সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠা। দেশের কৃষি ও অর্থনীতির উন্নয়নে তাঁর নেওয়া বিভিন্ন উদ্যোগ খাদ্য উৎপাদন বৃদ্ধি ও স্বনির্ভরতার পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল।
তিনি আরও বলেন, কৃষিভিত্তিক উন্নয়ন, গ্রামীণ অর্থনীতির বিকাশ এবং উৎপাদনমুখী কর্মকাণ্ডের মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার উদ্যোগ গ্রহণ করেছিলেন জিয়াউর রহমান। রাজনৈতিক ও সামাজিক বিভেদ ভুলে জাতীয় ঐক্য প্রতিষ্ঠার মাধ্যমে উন্নত বাংলাদেশ গড়ার যে স্বপ্ন তিনি দেখেছিলেন, সেই চেতনা নতুন প্রজন্মের কাছে তুলে ধরা সবার দায়িত্ব।
জেলা প্রশাসক জানান, ৭ নভেম্বরের ঐতিহাসিক প্রেক্ষাপট এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাষ্ট্র গঠনে অবদান সম্পর্কে নতুন প্রজন্মকে সঠিক ইতিহাস জানাতে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়েছে। আগামী প্রজন্মের তরুণ ও শিশুরা যেন দেশের ইতিহাস সম্পর্কে সঠিক ধারণা লাভ করতে পারে, সে জন্য তিনি সবার সহযোগিতা কামনা করেন।
তিনি বলেন, “ কোনো বিভেদ নয়, বরং পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও ঐক্যের ভিত্তিতে সবাইকে সঙ্গে নিয়ে একটি সুন্দর, সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গড়ে তুলতে চাই।”
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক, শিক্ষা ও আইসিটি এবং উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) মোহাম্মদ মিজানুর রহমান, সিভিল সার্জন ডা. শেখ মোহাম্মদ কামাল হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহাঙ্গীর আলম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হারুন অর রশিদ, জেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আবু তৈয়ব মোহাম্মদ ইউনুছ আলী, জেলা আনসার ও ভিডিপির জেলা কমান্ডার মোহাম্মদ শরিফুল ইসলাম এবং জেলা সিনিয়র তথ্য কর্মকর্তা মোহাম্মদ আমিনুল ইসলাম।
এ ছাড়া সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাকিউল আলম, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান রিফাত, বিভিন্ন দপ্তরের প্রধান, জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।








