বিশেষ প্রতিনিধি ॥ ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা সৃষ্টি ও মশাবাহিত রোগ থেকে সুরক্ষার লক্ষ্যে কুষ্টিয়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে দুস্থ অসহায় মানুষের মধ্যে মশারি বিতরণ করা হয়েছে।
গতকাল শনিবার (৭ নভেম্বর) বিকেলে কুষ্টিয়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকার অসহায় মানুষের হাতে এসব মশারি তুলে দেওয়া হয়।
কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও দি কুষ্টিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি লিমিটেডের পরিচালক আক্তারুজ্জামান কাজল মাজমাদারের সার্বিক তত্ত্বাবধানে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
ডেঙ্গু প্রতিরোধে সাধারণ মানুষকে সচেতন করা এবং নিম্ন আয়ের মানুষের মশাবাহিত রোগ থেকে সুরক্ষায় সহায়তা করাই ছিল এ উদ্যোগের মূল লক্ষ্য।
এসময় আক্তারুজ্জামান কাজল মাজমাদার বলেন, ডেঙ্গু একটি প্রতিরোধযোগ্য রোগ। এ রোগ থেকে সুরক্ষিত থাকতে হলে ব্যক্তিগত সচেতনতার পাশাপাশি সামাজিক উদ্যোগও প্রয়োজন। বিশেষ করে অসহায় ও নিম্ন আয়ের মানুষের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি আমাদের গুরুত্বের সঙ্গে বিবেচনা করা উচিত। সেই দায়িত্ববোধ থেকেই এলাকার দুস্থ মানুষের মধ্যে মশারি বিতরণের এই উদ্যোগ নেওয়া হয়েছে। তবে শুধু মশারি ব্যবহার করলেই হবে না, ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন হতে হবে। বাড়ির আশপাশ পরিষ্কার রাখা, কোথাও পানি জমতে না দেওয়া এবং মশার বংশবিস্তার রোধে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করতে হবে। মানুষের কল্যাণে এ ধরনের সামাজিক ও মানবিক কর্মকাণ্ড ভবিষ্যতেও অব্যাহত রাখার চেষ্টা করব।









