কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

জাতীয় বিপ্লব সংহতি দিবস উপলক্ষে কুষ্টিয়া জেলা বিএনপির বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশ

বিশেষ প্রতিনিধি ॥ ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব সংহতি দিবস উপলক্ষে কুষ্টিয়ায় বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশ করেছে জেলা বিএনপি।

 

গতকাল শনিবার (৭ নভেম্বর) দুপুর ১২টার দিকে জেলা বিএনপির উদ্যোগে কুষ্টিয়া পৌরসভার বিজয় উল্লাস চত্বর থেকে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। পরে র‌্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বড় বাজার রেল গেটে গিয়ে শেষ হয়। 

 

এর আগে জেলার ছয়টি উপজেলা, পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে পৌরসভার বিজয় উল্লাস চত্বরে সমবেত হন। পরে সেখানে অনুষ্ঠিত হয় সমাবেশ।

 

সমাবেশে সভাপতিত্ব করেন কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা বিএনপির সদস্য সচিব ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার।

 

এতে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফরিদা ইয়াসমিন এমপি, জাতীয় নির্বাহী কমিটির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন এবং জাতীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী। এছাড়া অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কুষ্টিয়া পৌর বিএনপি সভাপতি এ কে বিশ্বাস বাবু, সাধারণ সম্পাদক কামাল উদ্দিন, সদর উপজেলা বিএনপি সভাপতি ইসমাইল হোসেন মুরাদ, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম বিপ্লব, কুমারখালী উপজেলা বিএনপি সভাপতি আনছার প্রামানিক, ভেড়ামারা উপজেলা বিএনপি আহবায়ক এ্যাডভোকেট তৌহিদুল ইসলাম আলম, সদস্য সচিব শাহজাহান আলী বিশ্বাস, মিরপুর উপজেলা বিএনপি সভাপতি শাহিন, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আক্তারুজ্জামান কাজল মাজমাদার ও সাবেক কোষাধ্যক্ষ জয়নাল আবেদীন প্রধান, খোকসা বিএনপি সাধারণ সম্পাদক অধ্যক্ষ আনিসুজ্জামান স্বপন, জেলা যুবদলের সভাপতি ফুহাদ রেজা ফাহিম, সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জনি, জেলা কৃষক দলের আহবায়ক আরিফুর রহমান সুমন, সদস্য সচিব এ্যাডভোকেট নুরুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুল হাকিম মাসুদ, সাধারণ সম্পাদক আবু সাঈদ জাকারিয়া উৎপল, জেলা যুবদলের সহ সভাপতি মোস্তাফিজুর রহমান সুমন ও জাকারিয়া আনছার মিলন, যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রাশেদ ও জব্বার মিলন, সাংগঠনিক সম্পাদক মোজাক্কির রহমান রাব্বি, সদর উপজেলা বিএনপি জিহাদুজ্জামান জিকু ও আলমগীর হোসেন, সদর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আল শাহরিয়া মামুনসহ দলীয় অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী। এ সময় জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

এদিকে সমাবেশে বক্তারা বলেন, ৭ নভেম্বর বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দিন। এ দিনের ঐতিহাসিক তাৎপর্য ও চেতনাকে ধারণ করে জাতীয় ঐক্য, গণতন্ত্র এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

 

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফরিদা ইয়াসমিন এমপি বলেন, দেশের গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠায় বিএনপি দীর্ঘদিন ধরে আন্দোলন-সংগ্রাম করে আসছে। জনগণের প্রত্যাশা পূরণে গণতান্ত্রিক মূল্যবোধ ও মানুষের অধিকার রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

 

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন বলেন, ঐতিহাসিক ৭ নভেম্বরের চেতনা জাতীয় ঐক্য ও দেশপ্রেমের শিক্ষা দেয়। দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

 

জাতীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী বলেন, দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় বিএনপি অঙ্গীকারবদ্ধ। জনগণের প্রত্যাশা বাস্তবায়নে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করতে হবে।

 

কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদ বলেন, ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় জীবনে অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি দিন। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা এবং গণতান্ত্রিক ব্যবস্থা সুসংহত করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

 

জেলা বিএনপির সদস্য সচিব ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার বলেন, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কুষ্টিয়ার ছয়টি উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায় থেকে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে দল সাংগঠনিকভাবে ঐক্যবদ্ধ। আগামী দিনেও বিএনপির চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের উন্নয়নে নেতাকর্মীদের ঐক্য, শৃঙ্খলা ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর