মিরপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার মিরপুরে নতুন কুড়ি স্পোর্টস সিজন-২ এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা সম্মেলন কক্ষে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার আফরোজ শাহীন খসরু’র সভাপতিত্বে উপস্থিত ছিলেন, যুব উন্নয়ন অফিসার বদিউজ্জামান, উপজেলা প্রকৌশলী আশরাফুল ইসলাম পলক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হোসনে মোবারক, প্রেসক্লাবের সভাপতি মারফত আফ্রিদী, উপজেলা বিএনপি’র সভাপতি আশরাফুজ্জামান শাহীন, পৌর বিএনপি’র সভাপতি আব্দুর রশিদ, উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক আবজাল হোসেন, সাংগঠনিক সম্পাদক এনামুল হক বাবু, পৌর বিএনপি’র সাধারন সম্পাদক ইব্রাহিম আলী, চিথলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল্লাহেল বাকী, মিরপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফিরোজ আলম, মিরপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক শফিউল ইসলাম শফি প্রমুখ।
সভায় বক্তারা টুর্নামেন্টের বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য উপস্থাপন করেন এবং প্রতিযোগিতাটি সুন্দর ও সফলভাবে সম্পন্ন করার প্রত্যয় ব্যক্ত করেন।
মিরপুর উপজেলা নির্বাহী অফিসার আফরোজ শাহীন খসরু বলেন, তৃণমূল পর্যায় থেকে উদীয়মান ক্রীড়াবিদদের খুঁজে বের করতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চমৎকার একটি প্ল্যাটফর্ম। সিজন-২ টুর্নামেন্টটি যেন সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করা যায়, সে জন্য উপজেলা প্রশাসন ও ক্রীড়া শিক্ষকসহ সংশ্লিষ্ট সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আমাদের লক্ষ্য মিরপুরের তরুণ প্রজন্মকে খেলাধুলার মাধ্যমে ইতিবাচক ও মাদকমুক্ত জীবন গঠনে উদ্বুদ্ধ করা।









