কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

জ্ঞান ও দক্ষতাই মানুষের সবচেয়ে বড় সম্পদ: ডিসি তৌহিদ বিন-হাসান

রঞ্জুউর রহমান ॥ কুষ্টিয়া প্রতিনিধি ॥ ‘দক্ষ যুবক গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’’এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুষ্টিয়ায় নানা আয়োজনে জাতীয় যুব উন্নয়ন দিবস-২০২৬ পালিত হয়েছে।

 

গতকাল রোববার (১ নভেম্বর) যুবকদের মেধা, শ্রম ও সৃজনশীলতাকে কাজে লাগাতে পারলে দেশের অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত হবে। বেকারত্ব দূরীকরণ এবং দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণ ও ঋণ কার্যক্রম আরও কার্যকর ভূমিকা রাখতে পারে। যুবসমাজকে সুযোগ দেওয়ার পাশাপাশি তাদের উদ্যোগ ও উদ্ভাবনী চিন্তাকে উৎসাহিত করতে হবে। 

 

মোহাম্মদ আব্দুল জাব্বারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক তৌহিদ বিন-হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) আহমেদ মাহবুব-উল-ইসলাম, জেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আবু তৈয়ব মোহাম্মদ ইউনুছ আলী, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) প্রণব কুমার সরকার, জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদ ও সদস্য সচিব ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার। এ ছাড়া বিভিন্ন দপ্তরের প্রধান, জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

 

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক তৌহিদ বিন-হাসান বলেন, জ্ঞান ও দক্ষতাই মানুষের সবচেয়ে বড় সম্পদ। পৃথিবীর বিভিন্ন দেশ দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহ ধ্বংসযজ্ঞের পর পরিকল্পনা, পরিশ্রম, জ্ঞান ও দক্ষতাকে কাজে লাগিয়ে ঘুরে দাঁড়িয়েছে। নিজেদের অর্থনীতি ও সমাজকে নতুন করে গড়ে তুলেছে।

 

তিনি বলেন, বর্তমানে জ্ঞান অর্জনের সুযোগ মানুষের হাতের মুঠোয়। একটি স্মার্টফোনের মাধ্যমেই বিশ্বের যেকোনো প্রান্তের জ্ঞান ও অভিজ্ঞতার সঙ্গে যুক্ত হওয়া সম্ভব। কোনো বিষয়ে জানতে চাইলে অনলাইনে সার্চ করলেই ভিডিও, প্রশিক্ষণ ও প্রয়োজনীয় তথ্য পাওয়া যায়। তবে শুধু স্মার্টফোন থাকলেই হবে না, নিজের মধ্যে শেখার আগ্রহ তৈরি করতে হবে।

 

যুবকদের স্বাবলম্বী হওয়ার বিষয়ে জেলা প্রশাসক বলেন, শুধু দেশের পরিস্থিতি বিবেচনা করলেই চলবে না; বৈশ্বিক পরিবর্তন ও চ্যালেঞ্জ সম্পর্কেও ধারণা রাখতে হবে। বর্তমানে সৌরবিদ্যুৎ একটি সম্ভাবনাময় খাত। আগামী ১০ বছরে দেশে ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য বাস্তবায়িত হলে এ খাতকে ঘিরে বড় বাজার তৈরি হতে পারে। তাই যুবকদের এখন থেকেই সৌরবিদ্যুৎ বিষয়ে প্রশিক্ষণ ও প্রয়োজনীয় জ্ঞান অর্জনের ওপর গুরুত্ব দিতে হবে।

 

তিনি আরও বলেন, সরকার এককভাবে একটি দেশকে এগিয়ে নিতে পারে না। সব শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ ও সহযোগিতার মাধ্যমেই দেশের উন্নয়ন সম্ভব। যুবকরা যে বিষয়েই কাজ করুন না কেন, কাজের মান ভালো হলে তার বাজার তৈরি হবে। জ্ঞান, দক্ষতা ও শেখার আগ্রহ থাকলে জীবনে অনেক দূর এগিয়ে যাওয়া সম্ভব। কারণ সম্পদ একসময় কমে যেতে পারে, কিন্তু অর্জিত জ্ঞান ও দক্ষতা কেউ কেড়ে নিতে পারে না।

 

জেলা বিএনপির আহবায়ক কুতুবউদ্দিন আহমেদ বলেন, আমাদের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে বেকারত্ব ও কর্মসংস্থানের বাস্তবতা। দেশে বর্তমানে প্রায় ২৫ থেকে ৩০ লাখ যুবক বেকার। অন্যদিকে প্রতিবছর নতুন করে প্রায় ২০ লাখ তরুণ শ্রমবাজারে যুক্ত হচ্ছেন। এই বিপুলসংখ্যক তরুণের কর্মসংস্থান নিশ্চিত করা আমাদের জন্য বড় চ্যালেঞ্জ।

 

 তিনি আরো বলেন, “যুবকেরা একটি দেশের নিয়ামক শক্তি, আগামী দিনের ভবিষ্যৎ। তাঁদের যথাযথভাবে কাজে লাগাতে না পারলে দেশের সম্ভাবনাকে পূর্ণাঙ্গভাবে কাজে লাগানো সম্ভব হবে না। তাই শুধু শিক্ষিত জনগোষ্ঠী তৈরি করলেই হবে না, যুবকদের সময়োপযোগী ও কর্মমুখী প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তিতে পরিণত করতে হবে।

 

যুবকদের মেধা, শ্রম ও সৃজনশীলতাকে কাজে লাগাতে পারলে দেশের অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত হবে। বেকারত্ব দূরীকরণ এবং দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণ ও ঋণ কার্যক্রম আরও কার্যকর ভূমিকা রাখতে পারে। যুবসমাজকে সুযোগ দেওয়ার পাশাপাশি তাদের উদ্যোগ ও উদ্ভাবনী চিন্তাকে উৎসাহিত করতে হবে।

 

এছাড়া জেলা বিএনপির সদস্য সচিব ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার বলেন, যারা ভালো টেকনিশিয়ান, ভালো কম্পিউটার জানে, তারা বসে নেই। কিন্তু মাস্টার ডিগ্রি অর্জন করে অনেকে বেকার। এটার পার্থক্য হচ্ছে দক্ষতা অর্জন। দক্ষতা অর্জন না করলে আপনি সফল হতে পারবেন না। সফলতা আসবে চেষ্টা করবেন, হাল ছাড়া যাবে না। কেউ যদি হাল না ছেড়ে চেষ্টা করে, সে অবশ্যই সফল হবে।

 

তিনি আরো বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতিতে যুবসমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি দেশের সবচেয়ে বড় শক্তি তার তরুণ জনগোষ্ঠী। এই তরুণদের সঠিক শিক্ষা, প্রশিক্ষণ ও কর্মমুখী দক্ষতা অর্জনের সুযোগ তৈরি করতে হবে। শুধু চাকরির প্রত্যাশা না করে যুবকদের আত্মকর্মসংস্থানের দিকেও মনোযোগী হতে হবে। নতুন নতুন উদ্যোগ গ্রহণ, প্রযুক্তিনির্ভর দক্ষতা অর্জন এবং সম্ভাবনাময় খাতে কাজের মাধ্যমে নিজেদের স্বাবলম্বী করে গড়ে তুলতে হবে। এ ক্ষেত্রে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে এগিয়ে আসতে হবে।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর