কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

খোকসা বাজারে ব্যবসায়ী ঝুলন্ত মরদেহ উদ্ধার

খোকসা প্রতিনিধি ॥ কুষ্টিয়ার খোকসা বাজারে নিজ ব্যবসাপ্রতিষ্ঠানের গুদামঘর থেকে সুমন কুমার কুন্ডু (৩৮) নামে এক ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রবিবার (১ নভেম্বর) রাত আনুমানিক ৮টার দিকে বাজারের প্রধান সড়কের পাশে অবস্থিত কুন্ডু স্টোরের গুদামঘরে এ ঘটনা ঘটে।

 

নিহত সুমন কুমার কুন্ডু খোকসা চুনিয়াপাড়া গ্রামের রঞ্জিত কুন্ডুর ছেলে। তিনি খোকসা বাজারে কুন্ডু স্টোর নামে একটি মুদিদোকান পরিচালনা করতেন।

 

দোকানের কর্মচারী জিয়া জানান, সুমন কুমার কুন্ডু বাজার থেকে টাকা কালেকশনের কথা বলে দোকান থেকে বের হন। দোকানে আসতে দেরি দেখে তাঁকে ডাকাডাকি করি না পেয়ে খোঁজাখুঁজি শুরু করি। একপর্যায়ে গুদামঘরের শাটার খুলে ভেতরে তাঁর ঝুলন্ত মরদেহ দেখতে পায়।

 

দোকানের আরেক কর্মচারী আরিফুল ইসলাম বলেন, দুপুর পর্যন্ত তিনি সুমনের সঙ্গে একসঙ্গে কাজ করে এরপর বাসায় চলে যান। পরে দোকানে ফিরে এসে সুমনের মৃত্যুর খবর জানতে পারি পুলিশের সঙ্গে আমি ওর মরদেহ নামাতে সহযোগিতা করি। এ সময় শরীরে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন দেখতে পাননি বলে জানান তিনি। তাঁর ভাষায়, সুমন খুব ভালো মনের মানুষ ছিলেন।

 

পাশের দোকানের কর্মচারী মারুফ হোসেন জানান, তাঁরা পাশাপাশি দোকান পরিচালনা করতেন। হঠাৎ সুমনের আত্মহত্যার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে এসে গুদামঘরে তাঁর ঝুলন্ত মরদেহ দেখতে পান।

 

নিহতের স্ত্রী জানান, বিকেল আনুমানিক সাড়ে ৪টার দিকে সুমন তাঁকে ফোন করে তাঁদের তিন মাস বয়সী মেয়েকে ভিডিও কলে দেখছিলেন। এ সময় তিনি তেমন কোনো কথা বলেননি। পরিবারের কারও সঙ্গে তাঁর কোনো মনোমালিন্য বা ঝগড়া ছিল না। কী কারণে এমন ঘটনা ঘটেছে, তা তিনি বুঝতে পারছেন না।

 

খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুর রহমান জানান, খবর পাওয়ার পর ডিউটি অফিসার এসআই হাবিবুর রহমান ও তদন্ত কর্মকর্তা মোশারফ হোসেনকে সঙ্গে নিয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে তিনিও ঘটনাস্থলে উপস্থিত হন। গুদামঘরে একটি দড়ির সঙ্গে সুমন কুমার কুন্ডুর মরদেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে দড়ি কেটে মরদেহ নিচে নামানো হয়। তাঁর শরীরে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

 

প্রাথমিকভাবে ঘটনাটিকে আত্মহত্যা বলে ধারণা করছে পুলিশ। মরদেহ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্ত শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি।

 

এদিকে ব্যবসায়ী সুমন কুমার কুন্ডুর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে খোকসা বাজারের ব্যবসায়ীসহ স্থানীয় শত শত মানুষ ঘটনাস্থলে ভিড় করেন। তাঁর আকস্মিক মৃত্যুতে বাজারের ব্যবসায়ীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর