বিশেষ প্রতিনিধি ॥ ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে কুষ্টিয়া পৌরসভার ২ ও ৩ নম্বর ওয়ার্ডের থানাপাড়া এলাকায় পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক কর্মসূচি পালন করা হয়েছে। ‘ক্লিন কুষ্টিয়া-গ্রীন কুষ্টিয়া’ এ কর্মসূচির আয়োজন করে।
গতকাল রবিবার (১ নভেম্বর) আয়োজিত কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনটির উদ্ভাবক ও জেলা বিএনপির সদস্যসচিব ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার।
এ ছাড়া উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও দি কুষ্টিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক আক্তারুজ্জামান কাজল মাজমাদার, জেলা যুবদলের সাবেক সিনিয়র সহ সভাপতি মেজবাউর রহমান পিন্টু ও বর্তমান কমিটির সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জনি, ‘ক্লিন কুষ্টিয়া-গ্রীন কুষ্টিয়া’র আহ্বায়ক আব্দুল মঈদ বাবুল ও সদস্য সচিব জামির হোসেনসহ স্থানীয় ব্যক্তিরা।
কর্মসূচিতে এলাকার বিভিন্ন স্থানে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়। পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে বাড়ির আশপাশ পরিষ্কার রাখা, কোথাও পানি জমতে না দেওয়া এবং মশার প্রজননস্থল ধ্বংস করার বিষয়ে স্থানীয় বাসিন্দাদের সচেতন করা হয়।
আয়োজকরা বলেন, ডেঙ্গু প্রতিরোধে ব্যক্তিগত সচেতনতার পাশাপাশি এলাকার পরিচ্ছন্নতা নিশ্চিত করা জরুরি। এ জন্য সবাইকে নিজ নিজ বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার আহ্বান জানান তাঁরা।
এসময় ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার বলেন, “ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতার কোনো বিকল্প নেই। একটা দেশে শুধু সিটি করপোরেশন বা পৌরসভার উদ্যোগে ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব নয়, এ জন্য প্রত্যেক নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করতে হবে। বাড়ির আঙিনা, ছাদ, ফুলের টব, ড্রেন ও আশপাশের কোথাও যেন পানি জমে না থাকে, সে বিষয়ে সবাইকে সচেতন হতে হবে। তিনি আরো বলেন, আমরা চাই, কুষ্টিয়া শহরকে পরিচ্ছন্ন, সবুজ ও বাসযোগ্য নগর হিসেবে গড়ে তুলতে। এ লক্ষ্য বাস্তবায়নে ‘ক্লিন কুষ্টিয়া-গ্রীন কুষ্টিয়া’র কার্যক্রম অব্যাহত থাকবে। পরিচ্ছন্নতা কোনো এক দিনের কর্মসূচি নয়, এটি নিয়মিত অভ্যাসে পরিণত করতে হবে। ডেঙ্গুমুক্ত কুষ্টিয়া গড়তে তিনি দলমত-নির্বিশেষে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।









