দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়া সীমান্তে চোরাচালান ও মাদকদ্রব্যের অনুপ্রবেশ প্রতিরোধে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানি মালামাল জব্দ করেছে। এসব অভিযানে একজনকে আটক করা হয়েছে। জব্দ করা মালামালের আনুমানিক সিজার মূল্য ২৮ লাখ ২২ হাজার ৪৫০ টাকা। বিজিবি সূত্রে জানা গেছে, সুনির্দিষ্ট ও নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ১১ আগস্ট রাত থেকে ১২ আগস্ট ভোর পর্যন্ত কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধীন বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযানগুলো পরিচালনা করা হয়।
এর মধ্যে ১১ আগস্ট রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে কাজিপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার শেওড়াতলা পাকা রাস্তার মোল্লাপাড়া এলাকায় অভিযান চালায় বিজিবির একটি চৌকস টহল দল। এ সময় মো. লালন হোসেন (৪০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি দৌলতপুর উপজেলার মহিষকুন্ডি হাতিশালা মোড় এলাকার বাসিন্দা। তার কাছ থেকে ভারতীয় ২৬ পিস ইয়াবা ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়। এসবের আনুমানিক সিজার মূল্য ১ লাখ ৭ হাজার ৮০০ টাকা।
এরপর ১২ আগস্ট রাত আনুমানিক ১২টা ২০ মিনিটে চিলমারী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার মরারপাড়া কবরস্থান এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ২৯ বোতল মদ, ১ হাজার পিস ডেক্সামেথাসন ট্যাবলেট, ১ হাজার ৯৮০ পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট এবং ৪৮০ প্যাকেট পাতার বিড়ি উদ্ধার করা হয়। উদ্ধার করা মালামালের আনুমানিক সিজার মূল্য ৯ লাখ ৬৩ হাজার ৯০০ টাকা।
একই দিন রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে শেওড়াতলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার শেওড়াতলা মাঠে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ২৪ বোতল ফেন্সিডিল, ১ হাজার ১৩০ পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট, ১ হাজার ১৬০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট ও ৪০ প্যাকেট পাতার বিড়ি উদ্ধার করা হয়। এসব মালামালের আনুমানিক সিজার মূল্য ৬ লাখ ৯৮ হাজার ৮০০ টাকা। এ ছাড়া ১২ আগস্ট ভোর আনুমানিক ৪টার দিকে রামকৃষ্ণপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার নিজপাড়া মাঠে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ২০ বোতল মদ, ৫২০ পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট ও ২৪০ প্যাকেট পাতার বিড়ি উদ্ধার করে বিজিবি। উদ্ধারকৃত মালামালের আনুমানিক সিজার মূল্য ১ লাখ ৯৯ হাজার ২০০ টাকা। একই সময়ে চল্লিশপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকার মদনের ঘাট এলাকায় পৃথক অভিযান পরিচালনা করা হয়।
সেখানে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ১ হাজার ৪৬০ পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট, ১ হাজার ৩০০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট ও ৪৫০ প্যাকেট পাতার বিড়ি উদ্ধার করা হয়। এসব মালামালের আনুমানিক সিজার মূল্য ৮ লাখ ৫২ হাজার ৭৫০ টাকা। বিজিবি জানিয়েছে, আটক লালন হোসেনের বিরুদ্ধে মেহেরপুর জেলার গাংনী থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) জানিয়েছে, দেশের সীমান্ত সুরক্ষা, চোরাচালান প্রতিরোধ এবং মাদকদ্রব্যের অনুপ্রবেশ বন্ধে বিজিবি সর্বদা সতর্ক ও দৃঢ়ভাবে দায়িত্ব পালন করছে। সীমান্ত এলাকায় অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে গোয়েন্দা তৎপরতা ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।









