বিশেষ প্রতিনিধি ॥ ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং এডিস মশার বংশবিস্তার রোধে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে কুষ্টিয়ায় সচেতনতামূলক কর্মসূচি পালন করা হয়েছে। গতকাল বাদ মাগরিব কুষ্টিয়া শহরের কুঠিপাড়া মডেল মসজিদে এ কর্মসূচিতে ডেঙ্গু প্রতিরোধে ধর্মীয় প্রতিষ্ঠানসহ সমাজের সর্বস্তরের মানুষকে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
প্রধানমন্ত্রীর নির্দেশনায় পাড়া-মহল্লায় মাইকিংয়ের মাধ্যমে সচেতনতা সৃষ্টি, জুমার খুতবায় ডেঙ্গু প্রতিরোধের বার্তা প্রচার, নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান এবং সংশ্লিষ্ট সরকারি প্রতিষ্ঠানগুলোর সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় কুষ্টিয়ায় স্থানীয় পর্যায়ে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির এ উদ্যোগ নেওয়া হয়।
কর্মসূচিতে মোঃ আক্তারুজ্জামান কাজল মাজমাদার বলেন, ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়ন করতে হলে প্রত্যেক নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসতে হবে। শুধু সরকারি উদ্যোগের ওপর নির্ভর না করে ব্যক্তি, পরিবার, ধর্মীয় প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনগুলোকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
তিনি বলেন, বাড়িঘর ও আশপাশ পরিষ্কার রাখা, ফুলের টব, ডাবের খোসা, পরিত্যক্ত পাত্র এবং অন্যান্য স্থানে জমে থাকা পানি নিয়মিত অপসারণ করা জরুরি। কোথাও যেন পানি জমে এডিস মশার বংশবিস্তার না ঘটে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। দিনের বেলায়ও মশার কামড় থেকে সুরক্ষিত থাকতে হবে এবং জ্বর দেখা দিলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
কাজল মাজমাদার আরও বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে জনসচেতনতা ও জনসম্পৃক্ততা বাড়ানো অত্যন্ত জরুরি। প্রত্যেকে নিজের ঘর ও আশপাশ পরিচ্ছন্ন রাখার পাশাপাশি প্রতিবেশীদের সচেতন করলে ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রম আরও কার্যকর হবে। আমাদের লক্ষ্য হওয়া উচিত—সম্মিলিত উদ্যোগে ডেঙ্গুর ঝুঁকি কমিয়ে সুস্থ ও নিরাপদ কুষ্টিয়া গড়ে তোলা।
তিনি ডেঙ্গু প্রতিরোধে নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা, মসজিদভিত্তিক সচেতনতামূলক প্রচারণা এবং সামাজিক উদ্যোগ জোরদারে সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মেজবাউর রহমান পিন্টু, কুঠিপাড়া মডেল মসজিদের ইমাম মাহবুব হোসেনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
উল্লেখ্য, মোঃ আক্তারুজ্জামান কাজল মাজমাদার কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, দি কুষ্টিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালক এবং রেড ক্রিসেন্ট সোসাইটি, কুষ্টিয়া ইউনিটের সাধারণ সম্পাদক।









