বিশেষ প্রতিনিধি ॥ সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং কুষ্টিয়া জেলায় মাদকের বিস্তারের প্রতিবাদে মানববন্ধন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কুষ্টিয়া সদর উপজেলা শাখা। গতকাল সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে কুষ্টিয়া শহরের পাঁচ রাস্তা মোড়ে (শহীদ চত্বর) মানববন্ধন অনুষ্ঠিত হয়। আয়োজিত এ কর্মসূচিতে দলটির সদর উপজেলা শাখার আহবায়ক কামরুজ্জামান এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন জেলা এনসিপির সদস্য সচিব সুলতান মারুফ তালহা। এনসিপি কেন্দ্রীয় নির্বাহী সদস্য শোয়েব রায়ান।
সার্বিক সঞ্চালনা করেন সদর উপজেলা এনসিপি সদস্য সচিব নাজমুস সাকিব সৈকত। এছাড়া উপস্থিত ছিলেন, সদর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মুনিব আলী। জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক সাইফুল আরেফিন স্টালিন, যুগ্ম আহবায়ক আব্দুল মান্নান, জেলা ছাত্র শক্তি সদস্য সচিব সোলেমান হোসেন অন্তরসহ দলীয় নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার নারী- পুরুষ অংশ নেন। মানববন্ধনে বক্তারা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়া এবং মাদক নির্মূলে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানান। ধর্ষন, খুন এসব বন্ধে ব্যবস্থার দাবি জানান তারা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও মাদকমুক্ত দেশ গড়তে না পারলে পদত্যাগ করার দাবি তোলেন মানববন্ধনে অংশগ্রহণকারীরা। এসময় জেলা এনসিপির সদস্য সচিব সুলতান মারুফ তালহা বলেন, দেশে শিশুদেরকে অপহরন করা হচ্ছে। মেয়ে শিশুদের উপর নির্যাতন করে তাদের মেরে ফেলা হচ্ছে। ২০২৪ পরবর্তী, এটা একটা স্বাধীন দেশের জন্য, নাগরিকদের সুশাসনের জন্য একটি লজ্জাজনক এবং ভয়ংকর অধ্যায়। তিনি বলেন, ২০২৪ বাংলাদেশে এসেছিলো, অন্যায়, অত্যাচার, জুলুমের প্রতিবাদে সাধারণ মানুষ রাস্তায় নেমেছিলো।
এরপরেও সেই জুলুম আবারো যদি বাংলাদেশে চেপে বসে, তাহলে ২০২৪ আবারো বাংলাদেশে নেমে আসবে। বর্তমান সময়ে যারা ক্ষমতায় আছেন তাদের ও আমলাসহ প্রশাসনকে হুশিয়ারী করে তিনি আরো বলেন, বিভিন্ন রাজনৈতিক দলের পা চাটা করে এ দেশের আইনশৃঙ্খলা, মাদকের বিস্তার চলতে থাকে তাহলে আগামীতে ২০২৪ এর মত অবস্থা নেমে আসলে আমলাদেরকেও ছাড় দেওয়া হবে না। আইনশৃঙ্খলা পরিস্থিতি বাংলাদেশে এভাবে চলতে থাকলে, আজ আমার, কাল আপনার সন্তান একের পর এক নির্যাতন, খুন, গুমের স্বীকার হবে।
তিনি সচেতনমহলের উদ্দেশ্যে বলেন, আসুন আমরা প্রত্যেকের জায়গা থেকে প্রতিবাদ করতে থাকি। এনসিপি সদর উপজেলা শাখার সদস্য সচিব নাজমুস সাকিব সৈকত বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান আপনি সালাউদ্দিনের কথার উপর ভিত্তি করে দেশ পরিচালনা করছেন, দু দিন পরে আপনার অবস্থা খুবই করুন হবে। আমরা কিছু বললে বলবেন ওই দেখো শিক্ষিত সমাজ কি বলছে। আপনি আমাদের একটা শিক্ষিত সমাজ দেন। তারেক রহমান আপনি তো সংসদে শুধু নিরব ভূমিকা পালন করেন, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন কথা বলে, আর আপনি সেই কথার বিবেচনা না করে সাই দেন।
আপনার মন্ত্রী খাম্বার তার অনেক বড় বলে সে জন্য বিদ্যুৎ থাকে না। এটাতে কিভাবে সাই দেন? সালাউদ্দিন লেখাপড়া শিখেছে রয়ের কাছ থেকে। সংবিধানের যে কথা উনি বলেন সেটা রয়ের সেখানো কথা। ২০২৪ এ সরকার পতন হয়ে গেছে তুমি এই সংবিধানে কথা বলবে, বাকিটুকু আমরা দেখছি। দেশটাকে বাঁচাতে দ্রুত সালাউদ্দিনকে পদত্যাগ করাতে হবে। এনসিপি সদর উপজেলা শাখার আহবায়ক কামরুজ্জামান বলেন, আমাদের বোন তমা ১৭বছর বয়স তাকে নির্যাতন করে হত্যা করা হয়েছে। একটা আই ফোনের জন্য শিশুকে হত্যা করা হয়েছে। মারিয়াম, রামিসাসহ অনেককে নির্যাতন করে হত্যা করা হয়েছে। এর কোন সুষ্ঠু বিচার হয়নি। কোন ভাল কাজ বা অন্যায়ের প্রতিবাদ জানাতে রাজনীতি করা লাগে না। সচেতন নাগরিক হিসেবে প্রতিবাদ করা যায়। সাংবাদিকরা যে সব তথ্য তুলে ধরে, মাদকের ছয়লাভ, এসব প্রশাসন দেখে না?
মাদকমুক্ত সমাজ গড়তে সকলে ঐকবদ্ধ হতে হবে। তিনি আরো বলেন, আপনারা দেখেছেন কামরুন্নাহার কলি নিহত হওয়ার পরে যে জড়িত তার বাড়িটাকে জনগন ভেঙে দিয়েছে। আমরা চাই না জনগন আইন নিজের হাতে তুলে নিক। বিষয়টি স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আপনি দেখেছেন, পাবনার মোস্তফার বাড়ি কিন্তু বাড়ি নেই, সেটা ভেঙে ফেলেছে। মানুষকে অতীত থেকে শিক্ষা নিতে হবে। এদিকে মানববন্ধনে অংশ নেওয়া বিভিন্নজনের হাতে প্লাকাটে দেখা যায়, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ চাই, কামরুন্নাহার কলি, অপ্রতিম, মারিয়াম, রামিসা, রাফিসহ যাদের উপর নির্যাতন করে হত্যা করা হয়েছে তাদের হত্যার বিচার চাই। স্বরাষ্ট্রমন্ত্রীর দুই নয়ন মাদকের উন্নয়ন, মাদকের বিরুদ্ধে ঐক্য গড়ি’ সুন্দর সমাজ গড়ি, মাদকমুক্ত কুষ্টিয়া চাই। তারুণ্য হোক শক্তি’ মাদক হোক পরাজিত। মাদকের বিরুদ্ধে আওয়াজ তোল’ সমাজটাকে রক্ষা করো। মাদক ব্যবসা বন্ধ করো’ তরুন সমাজ রক্ষা করো। মাদক নিয়ন্ত্রণে কার্যকর অভিযান ও কঠোর আইন প্রয়োগ চাই।









