কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়ায় অতিরিক্ত ফি আদায়ের অপরাধে জরিমানা

বিশেষ প্রতিনিধি ॥ একাদশ শ্রেণিতে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জিম্মি করে নির্ধারিত ফি-এর চেয়ে অতিরিক্ত অর্থ আদায় এবং মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে কুষ্টিয়ায় ৪টি ব্যবসাপ্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল সোমবার (২১ সেপ্টেম্বর) কুষ্টিয়া জেলা প্রশাসকের নির্দেশনায় জেলা জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উদ্যোগে কুষ্টিয়া সরকারি কলেজ গেট সংলগ্ন এলাকার বিভিন্ন অনলাইন সার্ভিস ও ফটোকপির দোকানে এ তদারকিমূলক অভিযান পরিচালিত হয়।

অভিযানসূত্রে জানা যায়, একাদশ শ্রেণির ভর্তি আবেদনকে কেন্দ্র করে কলেজ গেট এলাকার কিছু অসাধু ব্যবসায়ী মূল্য তালিকা প্রদর্শন না করে শিক্ষার্থীদের কাছ থেকে সরকারি ও নির্ধারিত ফি-এর চেয়ে অতিরিক্ত টাকা হাতিয়ে নিচ্ছিল। অভিযোগের সত্যতা পেয়ে অভিযান পরিচালনা করা হয় এবং অপরাধ স্বীকার করায় ৪টি প্রতিষ্ঠানকে মোট ৮ হাজর ৫ শত টাকা জরিমানা আরোপ ও তাৎক্ষণিকভাবে তা আদায় করা হয়। জরিমানাকৃত প্রতিষ্ঠানগুলো হলো- স্টুডেন্ট প্লাস, তাহসিন কম্পিউটার, ফ্রেন্স কম্পিউটার এবং তনিমা এন্টারপ্রাইজ।

অভিযানকালে কুষ্টিয়া জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর কার্যালয়ের সহকারী পরিচালক মো. মাসুম আলী সংশ্লিষ্ট ব্যবসায়ীদের দোকান বা প্রতিষ্ঠানে দৃশ্যমান স্থানে সেবা ও পণ্যের মূল্য তালিকা ঝুলিয়ে রাখা, নির্ধারিত ফি গ্রহণ করা এবং সেবাগ্রহীতাদের নিকট স্বচ্ছ ও ন্যায্য মূল্যে সেবা প্রদানের জন্য কঠোর নির্দেশ প্রদান করেন। উক্ত তদারকিমূলক অভিযানে সার্বিক নেতৃত্ব দেন সহকারী পরিচালক মো. মাসুম আলী। এ সময় কনজিউমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) কুষ্টিয়া জেলা শাখা এবং কুষ্টিয়া সরকারি কলেজের ছাত্রপ্রতিনিধিগণ সক্রিয়ভাবে সহায়তা প্রদান করেন।

এছাড়া সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা বিধানে কুষ্টিয়া জেলা পুলিশের একটি চৌকস টিম উপস্থিত ছিল। সহকারী পরিচালক মো. মাসুম আলী জানান, শিক্ষার্থীদের জিম্মি করে অসাধু উপায়ে অতিরিক্ত অর্থ আদায়ের কোনো সুযোগ দেওয়া হবে না। ভোক্তা-অধিকার রক্ষা ও জনস্বার্থে আমাদের এ ধরনের তদারকিমূলক অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর