কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

মশাবাহিত রোগ প্রতিরোধে সবাইকে সচেতন হতে হবে: ডিসি তৌহিদ বিন-হাসান

বিশেষ প্রতিনিধি ॥ ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধ এবং হাম-রুবেলা টিকাদান কার্যক্রম সফল করতে কুষ্টিয়ায় পৃথক দুটি সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

গতকাল বৃহস্পতিবার (৫ নভেম্বর) জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত সভা দুটিতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট তৌহিদ বিন-হাসান। এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ সুপার আমিনুল ইসলাম, সিভিল সার্জন ডা. শেখ কামাল হোসেন, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) আহমেদ মাহবুব উল ইসলাম, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুল হাই সিদ্দিকী, বিভিন্ন উপজেলা নির্বাহী কর্মকর্তা, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী, জেলা শিক্ষা কর্মকর্তা এবং বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।

 

ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধ কমিটির সভায় জেলার ডেঙ্গু পরিস্থিতি পর্যালোচনা করা হয়। এ সময় মশার প্রজননস্থল ধ্বংস, নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা এবং জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি রোগের বিস্তার রোধে সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে সমন্বয় বাড়িয়ে কার্যকর প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার বিষয়ে আলোচনা হয়।

 

অন্যদিকে, হাম-রুবেলা রোগ প্রতিরোধে ইপিআই কার্যক্রমের জেলা সমন্বয় কমিটির সভায় টিকাদান কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। কর্মসূচি সম্পর্কে প্রচার-প্রচারণা বাড়ানো, অভিভাবকদের সচেতন করা এবং জেলার কোনো শিশু যাতে টিকা গ্রহণ থেকে বাদ না পড়ে, তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়। সভায় জনস্বাস্থ্য সুরক্ষায় সংশ্লিষ্ট সব দপ্তরকে নিজ নিজ দায়িত্ব পালনের পাশাপাশি পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে কাজ করার ওপর গুরুত্ব দেওয়া হয়।

 

জেলা প্রশাসক তৌহিদ বিন-হাসান বলেন, জনস্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে সবাইকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। মশার প্রজননস্থল ধ্বংস, নিয়মিত পরিচ্ছন্নতা বজায় রাখা এবং জনসচেতনতা তৈরিতে সংশ্লিষ্ট সব দপ্তরকে সমন্বিতভাবে কাজ করতে হবে। একই সঙ্গে হাম-রুবেলা প্রতিরোধে টিকাদান কর্মসূচি শতভাগ সফল করতে হবে, যাতে কোনো শিশু টিকা গ্রহণ থেকে বাদ না পড়ে। এ ক্ষেত্রে সরকারি দপ্তরগুলোর পাশাপাশি অভিভাবক ও সাধারণ মানুষের সহযোগিতাও জরুরি।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর