বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়া জেলা ও দায়রা জজের সাথে বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের নবনির্বাচিত সাধারণ সম্পাদক ফজলুর রহমান সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন। নবাগত এই সাধারণ সম্পাদক বর্তমানে কুষ্টিয়া চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের হিসাবরক্ষক হিসেবে কর্মরত আছেন। তার গৌরবোজ্জ্বল বিজয়ে তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে কুষ্টিয়া জেলা বিচার বিভাগীয় পরিবার। রবিবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের চেম্বারে সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।
এসময় জেলার সিনিয়র দায়রা জজ এনায়েত কবির নবনির্বাচিত সাধারণ সম্পাদক ফজলুর রহমানকে অভিনন্দন জানান। সাক্ষাৎকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এবং ফজলুর রহমানকে ফুলেল শুভেচ্ছা জানান, জেলা জজের নাজির মিজানুর রহমান, চিফ জুডিসিয়ালের নাজির নুরুল ইসলাম, কুষ্টিয়া বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি আতিকুল ইসলাম বেগ প্রমূখ। শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে নবনির্বাচিত সাধারণ সম্পাদক ফজলুর রহমান বিচার বিভাগীয় কর্মচারীদের পেশাগত মর্যাদা, অধিকার ও কল্যাণে সংগঠনের পক্ষ থেকে সর্বদা কার্যকর ভূমিকা রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। এদিকে ফজলুর রহমান সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হওয়ার খবর কুষ্টিয়ায় পৌঁছালে তার সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে আনন্দের জোয়ার বয়ে যায়। বিভিন্ন মহল থেকে তাকে উষ্ণ অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়।









