কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

মাজিলায় বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্প

আজাদ সানি ॥ “মানুষের পাশে, মানবতার পথে—সুস্থ সমাজ গঠনে আমাদের অঙ্গীকার”—এই স্লোগানকে সামনে রেখে কুষ্টিয়া সদর উপজেলার পাটিকাবাড়ী ইউনিয়নের মাজিলা গ্রামে দিনব্যাপী বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মাজিলা পুরাতন বাজারে ঐক্যের বন্ধন মানবসেবা ক্লাবের উদ্যোগে এ স্বাস্থ্যসেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়।

এতে বিভিন্ন বয়স ও শ্রেণি-পেশার নারী-পুরুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা, স্বাস্থ্য পরীক্ষা ও প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ দেওয়া হয়। ক্যাম্পে চিকিৎসাসেবা প্রদান করেন ডা. ফারজানা সোহেলীসহ বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকরা। ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে ডেনমার্ক থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে স্বাগত বক্তব্য দেন মাজিলা গ্রামের কৃতী সন্তান ও ঐক্যের বন্ধন মানবসেবা ক্লাবের প্রতিষ্ঠাতা বিশিষ্ট সমাজসেবক গাজী আব্দুল্লাহ আল মামুন।

তিনি বলেন, সমাজের পিছিয়ে পড়া ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে মানবিক কার্যক্রমের অংশ হিসেবে এ বিনামূল্যে চিকিৎসাসেবার আয়োজন করা হয়েছে। মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যয় থেকেই ঐক্যের বন্ধন মানবসেবা ক্লাব প্রতিষ্ঠা করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি জানান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও ঐক্যের বন্ধন মানবসেবা ক্লাবের প্রতিষ্ঠাতা পরিচালক গাজী মাজহারুল ইসলাম রনি। তিনি বলেন, প্রত্যন্ত এলাকার অনেক মানুষ অর্থনৈতিক অসচ্ছলতা ও নানা সীমাবদ্ধতার কারণে সময়মতো চিকিৎসাসেবা নিতে পারেন না।

তাদের কথা বিবেচনা করেই বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়ার এ উদ্যোগ নেওয়া হয়েছে। সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই ঐক্যের বন্ধন মানবসেবা ক্লাবের মূল লক্ষ্য। গাজী মাজহারুল ইসলাম রনি আরও বলেন, মানুষের কল্যাণে ভবিষ্যতেও বিনামূল্যে চিকিৎসাসেবা, শিক্ষা সহায়তা, মানবিক সহায়তাসহ বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি পরিচালনা করা হবে। দিনব্যাপী এ স্বাস্থ্যসেবা ক্যাম্পে চিকিৎসাসেবা নিতে মাজিলা ও আশপাশের বিভিন্ন এলাকার নারী-পুরুষসহ বিপুলসংখ্যক মানুষ উপস্থিত হন।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর