কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

খোকসায় ট্রাফিক সচেতনতায় পুলিশের ব্যতিক্রমী উদ্যোগ

খোকসা প্রতিনিধি ॥ সড়ক দুর্ঘটনা কমানো, যানবাহন চলাচলে শৃঙ্খলা ফেরানো এবং পথচারীদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে কুষ্টিয়ার খোকসায় ব্যতিক্রমী ট্রাফিক সচেতনতামূলক কর্মসূচি পালন করেছে থানা পুলিশ। গতকাল সোমবার (৮ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে কুষ্টিয়া জেলা ট্রাফিক পুলিশের দিকনির্দেশনায় খোকসা থানার উদ্যোগে খোকসা বাসস্ট্যান্ডসহ উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড় ও সড়কে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে নেতৃত্ব দেন খোকসা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোল্লা জাকির হোসেন। কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে ট্রাফিক আইন ও সড়ক নিরাপত্তাবিষয়ক সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

পথচারীদের রাস্তা পারাপারের সময় সতর্ক থাকা, চলার পথে মোবাইল ফোনসহ অন্য কোনো বিষয়ে মনোযোগ না দেওয়া এবং সম্ভব হলে ফুটপাত ব্যবহারের পরামর্শ দেওয়া হয়। পাশাপাশি নির্ধারিত স্থান দিয়ে নিরাপদে রাস্তা পারাপারের বিষয়ে তাদের সচেতন করা হয়। ইজিবাইক, অটোরিকশা ও থ্রি-হুইলার চালকদের যাত্রী ওঠানামায় শৃঙ্খলা বজায় রাখা, ব্যস্ত সড়কে যানজট সৃষ্টি না করা এবং দায়িত্বশীলতার সঙ্গে যানবাহন চালানোর নির্দেশনা দেওয়া হয়।

কই সঙ্গে যাত্রীদের প্রতি দায়িত্বশীল আচরণ এবং ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানানো হয়। মোটরসাইকেল ও ব্যক্তিগত গাড়ির চালকদের নিরাপত্তা সরঞ্জাম ব্যবহারের ওপরও গুরুত্ব দেওয়া হয়। বিশেষ করে মোটরসাইকেল চালকদের হেলমেট ব্যবহার, বৈধ ড্রাইভিং লাইসেন্স, রেজিস্ট্রেশনসহ প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে রাখার বিষয়ে সতর্ক করা হয়। বেপরোয়া ও ঝুঁকিপূর্ণভাবে যানবাহন না চালিয়ে দায়িত্বশীল ড্রাইভিংয়ের ওপর জোর দেওয়া হয়।

লিফলেটে সাধারণ ট্রাফিক সচেতনতার অংশ হিসেবে সঠিক লেন ও পথ অনুসরণ, যথাসময়ে ইন্ডিকেটর ব্যবহার, সংবেদনশীল ও জনবহুল এলাকায় নিয়ন্ত্রিত গতিতে যানবাহন চালানো এবং অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিসসহ জরুরি সেবাদানকারী যানবাহনকে অগ্রাধিকার দেওয়ার নির্দেশনা তুলে ধরা হয়। কর্মসূচি চলাকালে ওসি মোল্লা জাকির হোসেন বলেন, “শুধু পুলিশি কঠোরতা বা মামলা দিয়ে সড়ক দুর্ঘটনা পুরোপুরি রোধ করা সম্ভব নয়। চালক ও পথচারী উভয়ের সচেতনতা এবং দায়িত্বশীল আচরণই নিরাপদ সড়ক নিশ্চিত করার প্রধান উপায়।

অসাবধানতার কারণে একটি জীবনও যেন ঝরে না যায়, সেই লক্ষ্যেই আমাদের এ উদ্যোগ।” এ সময় খোকসা থানার অন্যান্য পুলিশ কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। তারা চালক ও পথচারীদের হাতে সচেতনতামূলক লিফলেট তুলে দিয়ে সড়কে আইন মেনে চলার আহ্বান জানান। পুলিশের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় চালক ও পথচারীরা। সংশ্লিষ্টরা আশা করছেন, আইন মেনে চলার পাশাপাশি সড়কে পারস্পরিক দায়িত্ববোধ ও সচেতনতা বাড়লে খোকসাসহ কুষ্টিয়ার সড়কগুলো আরও নিরাপদ ও সুশৃঙ্খল হয়ে উঠবে।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর