বিশেষ প্রতিনিধি ॥ ২০২৬-২৭ অর্থবছরের ঘোষিত জনবান্ধন বাজেটকে অভিনন্দন জানিয়েছে কুষ্টিয়া জেলা বিএনপি। বাজেটে সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, কৃষি খাতের উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবার সম্প্রসারণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে বরাদ্দ বৃদ্ধিকে ইতিবাচক হিসেবে উল্লেখ করেন কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার। বৃহস্পতিবার (১১জুন) গণতান্ত্রিক, মানবিক ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির অভিযাত্রা’ স্লোগানে ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
ঘোষিত বাজেটকে স্বাগত ও প্রধানমন্ত্রী তারেক রহমান এবং অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীকে অভিনন্দন জানিয়েছেন কুষ্টিয়া জেলা বিএনপির পক্ষে, জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার। এক বার্তায় প্রকৌশলী জাকির হোসেন সরকার বলেন, দেশের বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় সাধারণ মানুষের কল্যাণ ও উন্নয়নকে প্রাধান্য দিয়ে যে বাজেট প্রণয়ন করা হয়েছে, তা দেশের সার্বিক অগ্রযাত্রাকে আরও বেগবান করবে। তিনি আশা প্রকাশ করেন, বাজেটে ঘোষিত কর্মসূচিগুলো সঠিকভাবে বাস্তবায়িত হলে কর্মসংস্থান বৃদ্ধি, দারিদ্র্য হ্রাস এবং অর্থনৈতিক স্থিতিশীলতা অর্জনে ইতিবাচক ভূমিকা রাখবে।
একই সঙ্গে বাজেটের সুফল জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তিনি। দেশের উন্নয়ন ও জনগণের কল্যাণে গৃহীত কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখতে এবং বাজেট বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করেন। বাজেটের বিভিন্ন উদ্যোগ সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে সহায়ক হবে এবং দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী ভিত্তির ওপর দাঁড় করাবে। এজন্য তিনি প্রধানমন্ত্রীকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান।
