কুষ্টিয়ায় টাপেন্টাডল ট্যাবলেটসহ ৫ জন আটক, কারাদণ্ড ও মামলা - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়ায় টাপেন্টাডল ট্যাবলেটসহ ৫ জন আটক, কারাদণ্ড ও মামলা

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: মে ১৭, ২০২৬

বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়ায় পৃথক মাদকবিরোধী অভিযানে টাপেন্টাডল (ট্যাপেন্টাডল) ট্যাবলেটসহ পাঁচজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এর মধ্যে চারজনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড দেওয়া হয়েছে এবং অপর একজনের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গতকাল শনিবার (১৬ মে) সকালে অধিদপ্তরের “খ” সার্কেল কুষ্টিয়ার সদস্যরা মিরপুর উপজেলার স্বরুপদহ, গোবিন্দপুর ও বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১০০ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ চারজনকে আটক করেন। আটকরা হলেন— আমিরুল ইসলাম, সুজন, নাসির ও নীল চাঁদ।

পরে পরিদর্শক খবির আহমেদের প্রসিকিউশনে মিরপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ঈসিকা আক্তার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আসামিদের বিভিন্ন মেয়াদে ২ থেকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। অন্যদিকে, একই দিন সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের “ক” সার্কেল কুষ্টিয়া দৌলতপুর উপজেলার কল্যাণপুর এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে আটক করে। আটক ব্যক্তি হলেন খুয়াজ ইসলাম। এ ঘটনায় উপপরিদর্শক মো. রাসেল কবীর বাদী হয়ে দৌলতপুর থানায় নিয়মিত মামলা দায়ের করেছেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। জেলায় মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।