কুষ্টিয়ায় বিআরটিএ’র লিফলেট ও ভাড়া তালিকা বিতরণ - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়ায় বিআরটিএ’র লিফলেট ও ভাড়া তালিকা বিতরণ

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: মে ১৭, ২০২৬

বিশেষ প্রতিনিধি ॥ আসন্ন পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে সড়কপথে যাতায়াতকারী যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে সড়ক নিরাপত্তামূলক লিফলেট, স্টিকার এবং সরকার নির্ধারিত আন্তঃজেলা ও দূরপাল্লার বাস-মিনিবাস ভাড়ার তালিকা বিতরণ কর্মসূচি পালন করেছে বিআরটিএ কুষ্টিয়া সার্কেল। গতকাল শনিবার (১৬ মে) দুপুরে কুষ্টিয়ায় এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচিতে যাত্রী ও পরিবহন সংশ্লিষ্টদের মাঝে সচেতনতামূলক লিফলেট এবং নির্ধারিত ভাড়ার তালিকা বিতরণ করা হয়।

এসময় বিআরটিএ কুষ্টিয়া সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জিঃ) মাহবুব রাব্বানী বলেন, “ঈদকে কেন্দ্র করে ঘরমুখো মানুষের চাপ বেড়ে যায়। যাত্রীদের নিরাপদ যাত্রা নিশ্চিত করতে চালক, যাত্রী ও পরিবহন মালিক সবাইকে দায়িত্বশীল হতে হবে। অতিরিক্ত ভাড়া আদায়, বেপরোয়া গতি ও ট্রাফিক আইন অমান্য করা থেকে বিরত থাকতে হবে।” নিরাপদ সড়ক চাই (নিসচা) কুষ্টিয়ার উপদেষ্টা ও দৈনিক সময়ের কাগজ পত্রিকার প্রকাশক আবু বকর সিদ্দীক বলেন, “সচেতনতা বৃদ্ধির মাধ্যমে সড়ক দুর্ঘটনা অনেকাংশে কমানো সম্ভব। যাত্রীদেরও নির্ধারিত ভাড়ার বিষয়ে সচেতন থাকতে হবে এবং কোনো অনিয়ম দেখলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে হবে।”

নিসচা কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক শাহারিয়া ইমন রুবেল বলেন, “ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। নিরাপদ সড়ক নিশ্চিত করতে জনসচেতনতার বিকল্প নেই।” এসময় আরও উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা বাস ও মিনিবাস মালিক গ্রুপের যুগ্ম সম্পাদক আবুল হাসেম হাজু, নিসচা কুষ্টিয়া জেলা শাখার সাংগঠনিক সম্পাদক আবু মনি সাকলায়েন এলিন, বিআরটিএ কুষ্টিয়া সার্কেলের মোটরযান পরিদর্শক সাজিদ শাহারিয়ার ফাহিম, মোঃ আবুল কালাম আজাদসহ সংশ্লিষ্টরা।