কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

ইবিতে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও রক্তদান ক্যাম্পেইন

ইবি প্রতিনিধি ॥ ইসলামী বিশ্ববিদ্যালয়ে বিনামূল্যে স্বাস্থ্যসেবা এবং রক্তদান ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী কর্মকর্তা কর্মচারীদের বিনামূল্যে চর্মরোগ ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ দ্বারা স্বাস্থ্য পরীক্ষা সহ রক্তের গ্রুপ নির্ণয়, রক্তচাপ পরীক্ষা সহ বিভিন্ন সেবা প্রদান করা হয়। গতকাল বুধবার (১৯ আগস্ট) সকাল ১০ টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবনের নীচতলায় কুষ্টিয়া মেডিকেল কলেজের মেডিসিন ক্লাব এবং বিশ্ববিদ্যালয়ের স্বেচ্ছাসেবী সংগঠন রক্তিমা, তারুণ্য এবং গ্রীণ ভয়েসের সহযোগিতায় এই স্বাস্থ্য ও রক্তদান ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্যাম্পেইনের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এমতাজ হোসেন। এছাড়াও কুষ্টিয়া মেডিকেলের মেডিসিন ক্লাবের সভাপতি ফাহিম শাহরিয়ার এবং সাধারণ সম্পাদক সালিম সাদমান শিমুল সহ স্বেচ্ছাসেবী সংগঠন রক্তিমা, তারুণ্য ও গ্রীণ ভয়েসের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

রক্তিমার রক্তদান সম্পাদক হিতুআরা বলেন, কুষ্টিয়া মেডিকেল কলেজের রোগীরা অনেক সময় মধ্যরাতে রক্ত প্রয়োজন হলে সমস্যায় পড়েন। আজকের আয়োজনের মাধ্যমে সেই প্রতিষ্ঠানে রক্তের যোগান বাড়িয়ে দেওয়া। এই আয়োজনের মাধ্যমে রক্তদাতা খুঁজছি, স্বেচ্ছায় রক্ত নিচ্ছি, রক্তের গ্রুপ নির্ণয় করে দিচ্ছি। এছাড়াও গাইনি বিশেষজ্ঞ দ্বারা মেয়েদের স্বাস্থ্য পরীক্ষা এবং চর্মরোগের চিকিৎসার ব্যবস্থা করেছি। কুষ্টিয়া মেডিসিন ক্লাবের নেতৃবৃন্দ বলেন, মেডিসিন ক্লাব মূলত রক্ত নিয়েই কাজ করে। আমরা মূলত এখানে আসছি দুটো কারণে। প্রথমত, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবা দিতে।

দ্বিতীয়ত, আপনারা জানেন যে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল চালু হয়েছে। হাসপাতালে হঠাৎ করে প্রচুর পরিমাণে অপারেশন হচ্ছে যেখানে প্রচুর পরিমাণে রক্তের দরকার হচ্ছে। সেক্ষেত্রে আমরা রক্তদাতার অপ্রতুলতায় ভুগছি। তাই আমরা স্বেচ্ছায় রক্তাদাতাদের উদ্দেশ্যে এসেছি। আপনারা ইতোমধ্যে যেভাবে সহযোগিতা করছেন সেজন্য ধন্যবাদ জানাই। প্রধান অতিথির বক্তব্যে ইবি উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান বলেন, আজকে শুরু হওয়া এই প্রক্রিয়াটি একটি চলমান প্রক্রিয়া, যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এই জাতীয় কার্যক্রমের মধ্য দিয়ে আমরা শিক্ষার্থীদেরকে শুধুমাত্র শ্রেণীকক্ষে পাঠদানের সাথেই সম্পৃক্ত রাখছি না বরং তারা যাতে মানবতার সেবায় এগিয়ে আসে এবং দেশ ও জাতির প্রয়োজনে তাদের মেধা ও মননের সংযোগ ঘটাতে পারে, সেই সুযোগ তৈরি হচ্ছে। তিনি আরও বলেন, আমাদের শিক্ষার্থীদের মধ্য থেকেও একটি টিম গঠন করা হবে, যাদেরকে কুষ্টিয়া মেডিকেল কলেজ কর্তৃপক্ষের পক্ষ থেকে আইডি কার্ড প্রদান করা হবে। যাতে তাদের মাধ্যমে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মেডিকেল কলেজের চিকিৎসা সেবার ক্ষেত্রে প্রয়োজনীয় সাহায্য-সহযোগিতা পেতে পারে। ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রয়োজনে কুষ্টিয়া মেডিকেল কলেজ কর্তৃপক্ষ অবশ্যই তাদের জায়গা থেকে সর্বাত্মক সহযোগিতা করবে বলে প্রত্যাশা করছি।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর