ইবি প্রতিনিধি ॥ শিক্ষার্থীদের আন্দোলনের সময় প্রক্টরিয়াল বডির সঙ্গে অসদাচরণের অভিযোগ তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন করেছে প্রশাসন ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বিভাগীয় সভাপতি নিয়োগের দাবিতে আন্দোলনরত মার্কেটিং বিভাগের শিক্ষার্থীদের বিরুদ্ধে প্রক্টরিয়াল বডির সদস্যদের সঙ্গে অসদাচরণের অভিযোগ তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
গতকাল বুধবার (১৯ আগস্ট) দুপুরে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক মনজুরুল হক স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। অফিস আদেশে বলা হয়, গত ১৮ আগস্ট ইসলামী বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদ ভবনে তালা লাগানো এবং প্রক্টরিয়াল বডির সদস্যদের সঙ্গে অসদাচরণের বিষয়ে উপাচার্য পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছেন। কমিটিতে আহ্বায়ক করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক এমতাজ হোসেনকে। সদস্যসচিব হিসেবে রয়েছেন রেজিস্ট্রার শাখার উপ-রেজিস্ট্রার মীর সিরাজুল ইসলাম রিপু।
সদস্য হিসেবে রয়েছেন লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক মোহাম্মদ সেলিম, ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক আতিকুর রহমান এবং হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের অধ্যাপক জাকির হোসেন। প্রসঙ্গত, গত মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে মার্কেটিং বিভাগের সভাপতির দাবিতে বিভাগ থেকে মানববন্ধন করেন শিক্ষার্থীরা। পরে বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের মূল ফটকে তালা ঝুলিয়ে আন্দোলন করেন তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রক্টরিয়াল বডির সদস্যরা ঘটনাস্থলে গেলে একপর্যায়ে শিক্ষার্থীদের সঙ্গে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। এ সময় প্রক্টরিয়াল বডির সদস্যদের শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ ওঠে।









