কুমারখালী পৌরসভায় মহাপরিকল্পনা প্রণয়ন বিষয়ক সভা - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুমারখালী পৌরসভায় মহাপরিকল্পনা প্রণয়ন বিষয়ক সভা 

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: মে ১৩, ২০২৬

কুমারখালী প্রতিনিধি ॥ স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তরের (এলজিইডি) আওতায় ও নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রোগাম (ওটিএওচ) প্রকল্পের উদ্যোগে কুষ্টিয়ার কুমারখালী পৌরসভাকে আধুনিক, পরিকল্পিত ও নাগরিকবান্ধব নগরীতে রূপান্তরিত করার লক্ষে মহাপরিকল্পনা প্রণয়নের কার্যক্রম শুরু হয়েছে। সেই লক্ষে সাংবাদিক কাঙ্গাল হরিনাথ স্মৃতি জাদুঘরের অডিটোরিয়ামে দুই দিনব্যাপী পরামর্শ সভার আয়োজন করে কুমারখালী পৌরসভা।

গতকাল মঙ্গলবার (১২ মে) সমাপনী ও দ্বিতীয়দিনে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌরসভার প্রশাসক ফারজানা আখতার। তিনি বলেন, পরিকল্পিত নগরায়নের মাধ্যমে কুমারখালী পৌরসভাকে আধুনিক ও টেকসই নগরীকে পরিনিত করতে এই মহাপরিকল্পনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এছাড়াও নাগরিকদের মতামতের ভিত্তিতেই ভবিষ্যত উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা হবে বলেও জানান পৌর প্রশাসক। এরআগে দ্বিতীয় সভায় প্রজেক্টের মাধ্যমে পরিকল্পনা বিষয়ক কর্মশালা উপস্থাপনা করেন সিনিয়র আরবান প্লানার মো. সরোয়ার হোসেন অপু।

এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র আরবান প্লানিং এক্সপার্ট আফসানা এম কামাল, জি.আই.এস. এক্সপার্ট শেখ আবু মোহাম্মদ জুলকারনাইন, কুমারখালী পৌরসভার হিসাব রক্ষক রফিকুল ইসলাম, পৌরসভার নয়টি ওয়ার্ডের সুশীল সমাজের প্রতিনিধি, সচেতন নাগরিক, গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন। সভায় অন্যান্য বক্তারা বলেন, সুষ্ঠু নগর ব্যবস্থাপনা, অবকাঠামোগত উন্নয়ন, পরিবেশ সংরক্ষণ, যান চলাচল ব্যবস্থা, ড্রেনেজ, আবাসন ও নাগরিক সেবার মান উন্নয়নে একটি দীর্ঘমেয়াদী মহাপরিকল্পনা অত্যন্ত জরুরী। এ পরিকল্পনার মাধ্যমে কুমারখালী পৌরসভার সার্বিক উন্নয়নের রূপরেখা নির্ধারন করা হবে।