মিরপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমলা ইউনিয়নের আংদিয়া চড়পাড়া গ্রামে জুয়ার টাকা ভাগাভাগিকে কেন্দ্র করে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে সুরুজ নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন। গতকাল বুধবার (১৯ আগস্ট) দুপুরে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, অনলাইন জুয়ার টাকা ভাগাভাগি নিয়ে আমলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজমের ছোট ভাই আলম ও তার ভাতিজার মধ্যে বিরোধ দেখা দেয়।
এ সময় তপু নামে এক ব্যক্তি গুলি চালালে সুরুজ গুলিবিদ্ধ হন বলে স্থানীয়দের দাবি। পরে স্থানীয়রা সুরুজকে উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। স্থানীয় সূত্রে আরও জানা যায়, অনলাইন জুয়ার ডিলার তপু ও আলমের কাছে জুয়ার কমিশনের প্রায় ৮০ লাখ টাকা ছিল। ওই টাকা নিয়ে আলমের ভাতিজা দাবি করলে আলম টাকা দিতে অস্বীকৃতি জানান। এ নিয়ে বিরোধের একপর্যায়ে তপু গুলি চালান বলে অভিযোগ রয়েছে।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। মিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম বলেন, ‘আপন চাচা-ভাতিজার মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে একজন গুলিবিদ্ধ হয়ে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছেন। তবে এ বিষয়ে থানায় এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। পুলিশ জড়িতদের ধরতে চেষ্টা করছে।’ ওসি আরও বলেন, ‘এলাকায় কোনোভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটলে কাউকে ছাড় দেওয়া হবে না।









