পুলিশ লাইন্স স্কুলে ফ্যান চুরি - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

পুলিশ লাইন্স স্কুলে ফ্যান চুরি

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: এপ্রিল ৭, ২০২৬

বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়া পুলিশ লাইন্স কম্পাউন্ডের ভেতরে অবস্থিত পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজে দিনের বেলায় শ্রেণীকক্ষ থেকে দুটি সিলিং ফ্যান চুরির ঘটনা ঘটেছে। গত শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনে সংঘটিত এ ঘটনায় একটি সিসিটিভি ফুটেজ ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। তবে এখন পর্যন্ত এ ঘটনায় কুষ্টিয়া মডেল থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি।

সূত্রে জানা গেছে, ছুটির দিনের সুযোগ নিয়ে দুর্বৃত্তরা স্কুলের একটি শ্রেণীকক্ষে ঢুকে দুটি সিলিং ফ্যান খুলে নিয়ে যায়। ঘটনাস্থলে থাকা সিসিটিভি ক্যামেরায় চোরের উপস্থিতি ধরা পড়লেও তার পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি। ভিডিওটি ভাইরাল হওয়ায় স্থানীয়দের মধ্যে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।

এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন মাতুব্বর জানান, “ঘটনাটি শুনেছি, তবে এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।”

পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. নাজমুল আরেফিন বলেন, “বিষয়টি পুলিশ সুপার স্যারকে জানানো হয়েছে। তিনি ইতোমধ্যে চোর শনাক্ত ও গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন। এটা তাদের সম্মানের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এ ব্যাপারে আপাতত সংবাদ প্রচার না করারও অনুরোধ জানান তিনি।

এদিকে, সম্প্রতি কুষ্টিয়ায় সরকারি স্থাপনায় চুরির একাধিক ঘটনা নিয়ে উদ্বেগ বাড়ছে। গত মাসে কুষ্টিয়া সদর সার্কেল অফিস ভবনের সংস্কার কাজে ব্যবহৃত মালামাল চুরির ঘটনায় প্রায় ১ লাখ ৮০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে অভিযোগ ওঠে।

এ ঘটনায় ঠিকাদার মো. শাকিল আহমেদ কুষ্টিয়া মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে উল্লেখ করা হয়, গত ৮ মার্চ সন্ধ্যায় ভবনের ভেতরে সংস্কার কাজের জন্য রাখা তিন কয়েল তামার বৈদ্যুতিক তার ও পাঁচটি অ্যালুমিনিয়াম ফ্রেমের থাই গ্লাস রেখে যান তিনি। পরে ১৮ মার্চ সকালে গিয়ে দেখতে পান সেগুলো চুরি হয়ে গেছে। ধারণা করা হয়, ৮ মার্চ সন্ধ্যা থেকে ১৮ মার্চ সকাল পর্যন্ত যেকোনো সময়ে অজ্ঞাতনামা চোর বা চোরের দল এসব মালামাল নিয়ে যায়। পরে দীর্ঘদিন নিজ উদ্যোগে খোঁজাখুঁজির পর কোনো অগ্রগতি না হওয়ায় থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে থানাপাড়া এলাকার মৃত হায়দার শেখের ছেলে সৌরভ (২২) কে আটক করে।

এ বিষয়ে সেসময় ওসি কবির হোসেন মাতুব্বর জানান, “অভিযোগ গ্রহণ করা হয়েছে এবং একজনকে আটক করা হয়েছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।” একই এলাকায় ধারাবাহিক চুরির ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ বাড়ছে। বিশেষ করে পুলিশ লাইন্সের মতো সংরক্ষিত এলাকায় দিনের বেলায় চুরি হওয়ার ঘটনায় নিরাপত্তা ব্যবস্থার কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠেছে। দ্রুত তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।