কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

ভেড়ামারা আদর্শ ডিগ্রি কলেজে নবনির্বাচিত সভাপতির মতবিনিময় ও বৃক্ষরোপণ

ভেড়ামারা প্রতিনিধি ॥ কুষ্টিয়ার ভেড়ামারা আদর্শ ডিগ্রি কলেজের নবনির্বাচিত ম্যানেজিং কমিটির প্রথম মতবিনিময় সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। গতকাল বুধবার (২৯ এপ্রিল) কলেজ মিলনায়তনে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। ভেড়ামারা আদর্শ ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিজানুর রহমানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ম্যানেজিং কমিটির নবনির্বাচিত সভাপতি ফারিয়া আক্তার।

অনুষ্ঠানের শুরুতে কলেজের পক্ষ থেকে নবনির্বাচিত সভাপতি ও কমিটির অন্যান্য সদস্যদের ফুল দিয়ে উষ্ণ সংবর্ধনা জানানো হয়। মতবিনিময় সভায় সভাপতি ফারিয়া আক্তার কলেজের শিক্ষক, কর্মচারী, অভিভাবক এবং বিদ্যোৎশাহী সদস্যদের সাথে কলেজের সার্বিক বিষয়ে আলোচনা করেন। এসময় কলেজের শিক্ষকরা প্রতিষ্ঠানের বিভিন্ন বিদ্যমান সমস্যা ও সীমাবদ্ধতার কথা তুলে ধরেন। সভাপতি মনোযোগ সহকারে সবার কথা শোনেন এবং পর্যায়ক্রমে সমস্যা সমাধানের আশ্বাস দেন।

শিক্ষকদের উদ্দেশ্যে সভাপতি বলেন, “প্রতিষ্ঠানের প্রাণ হলো শিক্ষার্থীরা। তাই পড়াশোনার মানোন্নয়নে শিক্ষকদের আরও সচেষ্ট হতে হবে।” তিনি আগামীতে কলেজের শিক্ষার গুণগত মান বৃদ্ধির মাধ্যমে একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার জন্য সবার প্রতি আহ্বান জানান। আলোচনা সভা শেষে কলেজ চত্বরে পরিবেশ রক্ষায় বিভিন্ন প্রজাতির চারা গাছ রোপণ করে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন সভাপতি ফারিয়া আক্তার। এসময় ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ ও কলেজের শিক্ষক-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর