খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: ১৪ই জুলাই ২০২৬, ১:২৬ এএম

খোকসা প্রতিনিধি ॥ খোকসা উপজেলার কালিবাড়ী মাঠ প্রাঙ্গণে খোকসা কালিবাড়ী ইয়াং স্টার ক্লাবের আয়োজনে মাদকবিরোধী চায়নাবার ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার (১৩ জুলাই) বিকেল ৫টায় টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়। উদ্বোধনী খেলায় খোকসার একতারপুর স্পোর্টিং ক্লাব মুখোমুখি হয় কুমারখালীর ছেউড়িয়া মন্ডলপাড়া স্পোর্টিং ক্লাবের। জমজমাট এ ম্যাচে একতারপুর স্পোর্টিং ক্লাব ৪-১ গোলের বড় ব্যবধানে জয় লাভ করে।
ম্যাচের প্রথমার্ধে ছেউড়িয়া মন্ডলপাড়া স্পোর্টিং ক্লাব ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায়। তবে দ্বিতীয়ার্ধে দুর্দান্ত ঘুরে দাঁড়ায় একতারপুর স্পোর্টিং ক্লাব। একের পর এক চারটি গোল করে তারা ৪-১ গোলের বড় জয় নিশ্চিত করে মাঠে উপস্থিত দর্শকদের উচ্ছ্বাসে ভাসায়। টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে খোকসা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিনের উপস্থিত থাকার কথা থাকলেও সরকারি দায়িত্ব পালনের কারণে তিনি উপস্থিত থাকতে পারেননি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খোকসার সাবেক ফুটবলার বাবু পীযূষ কুমার মজুমদার। এছাড়াও উপস্থিত ছিলেন সাবেক ফুটবলার আরমান হোসেন, নাসিম বিশ্বাস, শহিদুল ইসলাম, লালনসহ আয়োজক কমিটির সদস্যবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা। খেলার রেফারির দায়িত্ব পালন করেন সাবেক ফুটবলার রেজা আহমেদ এবং ধারাভাষ্যকার হিসেবে ছিলেন খোকসা কলেজের প্রভাষক আমজাদ বাবু। আয়োজকরা জানান, দীর্ঘদিন পর খোকসা কালিবাড়ী মাঠে খেলাধুলার প্রাণচাঞ্চল্য ফিরিয়ে আনা এবং তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখার লক্ষ্যে এই মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।
টুর্নামেন্টে মোট ৮টি দল অংশগ্রহণ করছে। চ্যাম্পিয়ন দল পাবে ৮ হাজার টাকা এবং রানার্সআপ দল পাবে ৫ হাজার টাকা পুরস্কার। আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, টুর্নামেন্টের পরবর্তী ম্যাচ আগামী ১৫ জুলাই বিকেল ৫টায় একই মাঠে অনুষ্ঠিত হবে। খেলা উপভোগ করতে সকল ক্রীড়াপ্রেমীকে মাঠে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে। এছাড়া টুর্নামেন্ট সফল করতে এলাকার যুবক, ক্রীড়াপ্রেমী ও স্বেচ্ছাসেবকদের সার্বিক সহযোগিতার জন্য আয়োজকরা সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
কোনো সম্পর্কিত খবর পাওয়া যায়নি.
মন্তব্য