খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: ১৪ই জুলাই ২০২৬, ১:২৭ এএম

নিজ সংবাদ ॥ মাদকমুক্ত ও সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে কুষ্টিয়ায় জেলা পরিষদের উদ্যোগে মাদকবিরোধী সচেতনতামূলক সমাবেশ, বৃক্ষরোপণ কর্মসূচি এবং ক্রীড়াসামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বক্তারা বলেন, মাদকের ভয়াবহ বিস্তার রোধে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, প্রশাসন ও সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত উদ্যোগের কোনো বিকল্প নেই।
একই সঙ্গে পরিবেশ রক্ষায় ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের ওপরও গুরুত্বারোপ করা হয়। গতকাল সোমবার (১৩ জুলাই) বিকেল ৫টায় কুষ্টিয়া পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডে জেলা পরিষদের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আলহাজ অধ্যক্ষ সোহরাব উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. আব্দুল হাই সিদ্দিকী, কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য বশিরুল আলম চাঁদ ও অ্যাডভোকেট শামীমউল হাসান অপু, কুষ্টিয়া পৌর বিএনপির সভাপতি এ. কে. বিশ্বাস বাবু ও সাধারণ সম্পাদক কামাল উদ্দিন, জেলা ছাত্রদলের আহ্বায়ক মোজাক্কির রহমান রাব্বি এবং কুষ্টিয়া মডেল থানার কর্মকর্তা (তদন্ত) মোস্তাফিজুর রহমান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর ১৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি হাসানুজ্জামান। সঞ্চালনা করেন ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইমতিয়াজ। এছাড়া পৌর ১৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আল মামুন ইমতিয়াজ তারিক, সাধারণ সম্পাদক মিজানুর রহমান মজনুসহ শিক্ষক, রাজনৈতিক নেতৃবৃন্দ, পুলিশ কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতেই জেলা পরিষদের উদ্যোগে পৌর ১৩ নম্বর ওয়ার্ডের বিভিন্ন স্থানে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণের উদ্বোধন করেন প্রধান অতিথি।
এ সময় পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় ব্যাপক বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরা হয়। পরে অনুষ্ঠিত মাদকবিরোধী সচেতনতামূলক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন বলেন, দেশকে সবুজ ও বাসযোগ্য করে তুলতে সারাদেশে ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। এরই অংশ হিসেবে কুষ্টিয়ার বিভিন্ন এলাকায় ধারাবাহিকভাবে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হবে, যাতে ভবিষ্যৎ প্রজন্ম একটি পরিচ্ছন্ন ও সবুজ পরিবেশ পায়। তিনি আরও বলেন, মাদকের ভয়াল থাবা আজ সমাজের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে।
তরুণ সমাজকে এই অভিশাপ থেকে রক্ষা করতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, প্রশাসন, জনপ্রতিনিধি এবং সমাজের সচেতন মানুষকে একযোগে কাজ করতে হবে। মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, একটি পরিবার ও সমাজকেও ধ্বংস করে দেয়। তাই মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা জরুরি। তরুণদের উদ্দেশে তিনি বলেন, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড এবং সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকলে তারা মাদক থেকে দূরে থাকবে। এ লক্ষ্যেই জেলা পরিষদের উদ্যোগে বিভিন্ন এলাকায় ক্রীড়াসামগ্রী বিতরণের কর্মসূচি গ্রহণ করা হয়েছে এবং পর্যায়ক্রমে প্রতিটি এলাকায় এসব সামগ্রী পৌঁছে দেওয়া হবে।
অনুষ্ঠান শেষে জেলা পরিষদের পক্ষ থেকে এলাকার শিক্ষক, ক্রীড়া সংগঠক ও সুধীজনদের হাতে ফুটবল, ক্রিকেট ব্যাট, বলসহ বিভিন্ন ধরনের ক্রীড়াসামগ্রী তুলে দেওয়া হয়। উপস্থিত অতিথিরা এ ধরনের জনসচেতনতামূলক কর্মসূচি নিয়মিত আয়োজনের আহ্বান জানান এবং মাদকমুক্ত, সবুজ ও সুস্থ সমাজ গঠনে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
কোনো সম্পর্কিত খবর পাওয়া যায়নি.
মন্তব্য