ভেড়ামারায় জেলিযুক্ত চিংড়ি মাছ বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

ভেড়ামারায় জেলিযুক্ত চিংড়ি মাছ বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: মে ২৩, ২০২৬

ভেড়ামারা প্রতিনিধি ॥ কুষ্টিয়ার ভেড়ামারায় মানবদেহের জন্য ক্ষতিকর জেলিযুক্ত (সিলিকা জেল) চিংড়ি মাছ বিক্রির দায়ে এক মাছ ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। একইসঙ্গে জব্দকৃত বিষাক্ত চিংড়ি মাছ ধ্বংস করা হয়েছে। গতকাল শুক্রবার (২২ মে) দুপুরে ভেড়ামারা মধ্যবাজার এলাকায় উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমান আদালতের নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডা. গাজী আশিক বাহার।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বাজারে জেলিযুক্ত চিংড়ি মাছ বিক্রির খবর পেয়ে অভিযান চালানো হয়। এ সময় ইয়াসিন আলী (৫২) নামের এক ব্যবসায়ীর দোকানে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ জেলিযুক্ত চিংড়ি মাছ জব্দ করা হয়। অভিযান শেষে ভ্রাম্যমান আদালত জনস্বাস্থ্য সুরক্ষায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ওই ব্যবসায়ীকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। পরে জব্দকৃত চিংড়ি মাছ জনসম্মুখে মাটিতে পুঁতে ধ্বংস করা হয়।

অভিযানকালে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রাশেদ হাসান উপস্থিত ছিলেন। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডা. গাজী আশিক বাহার বলেন, “মানবদেহের জন্য ক্ষতিকর ও ভেজাল খাদ্য বিক্রির বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। জনস্বাস্থ্য রক্ষায় কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না।