কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

ভেড়ামারায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু

ভেড়ামারা প্রতিনিধি ॥ কুষ্টিয়ার ভেড়ামারায় আলো (২২) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। ঘটনাটি উপজেলার গাছিয়া দৌলতপুর গ্রামে ঘটেছে। এ ঘটনাকে কেন্দ্র করে নিহতের পরিবার ও শ্বশুরবাড়ির সদস্যদের মধ্যে পরস্পরবিরোধী বক্তব্য পাওয়া গেছে। মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ। বুধবার (২৯ জুলাই) সকালে আলোর স্বামী বিজয় ও তার শাশুড়ি তাকে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতাল সূত্রে জানা যায়, আলোকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। নিহতের স্বামী ও শাশুড়ির দাবি, আলো নিজ ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন। তবে খবর পেয়ে ভেড়ামারা থানা পুলিশ হাসপাতালে পৌঁছে মরদেহের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে এবং মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয়ে ময়নাতদন্তের জন্য মরদেহ কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। এদিকে আলোর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে দুই পরিবারের মধ্যে তীব্র মতবিরোধ দেখা দেয়। নিহতের স্বজনদের অভিযোগ, এটি আত্মহত্যা নয়; দীর্ঘদিনের পারিবারিক নির্যাতনের জেরে পরিকল্পিতভাবে আলোকে হত্যা করা হয়েছে।

অন্যদিকে, শ্বশুরবাড়ির সদস্যরা দাবি করেছেন, এটি আত্মহত্যার ঘটনা। জানা গেছে, আলো ও বিজয়ের দুই বছরের দাম্পত্য জীবনে আট মাস বয়সী একটি কন্যাসন্তান রয়েছে। ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ জাহেদুর রহমান জানান, এ ঘটনায় আপাতত একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এরপর তদন্তের ফলাফলের ভিত্তিতে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর