মিরপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার মিরপুর উপজেলার নবনিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) তার কার্যালয়ে গিয়ে নেতাকর্মী নিয়ে সংবর্ধনা দিয়েছেন কুষ্টিয়া-২ আসনের জামায়াত সমর্থিত সংসদ সদস্য (এমপি) আব্দুল গফুর। গতকাল মঙ্গলবার (২৮ জুলাই) সকালে মিরপুর উপজেলা পরিষদ কার্যালয়ে গিয়ে নবনিযুক্ত ইউএনও আফরোজ শাহীন খসরুকে ফুল দিয়ে বরণ করে নেন এমপি আব্দুল গফুর।
এ ঘটনায় রাষ্ট্রীয় পদমর্যাদা ক্রম বা ‘ওয়ারেন্ট অব প্রিসিডেন্স’ এবং প্রশাসনিক নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। স্থানীয় সচেতন নাগরিক কমিটির (সনাক) সদস্য মিজানুর রহমান বলেন, একজন সংসদ সদস্য যেভাবে দলবল নিয়ে ইউএনওর দপ্তরে গিয়ে সংবর্ধনা দিলেন, তাতে সরকারি কর্মকর্তার ওপর রাজনৈতিক প্রভাব ও অপ্রকাশিত চাপ তৈরির বার্তা যায়। এতে প্রশাসনিক নিরপেক্ষতাও প্রশ্নবিদ্ধ হতে পারে।
বিষয়টি নিয়ে অনেকেই সমালোচনা করে বলেন, রাষ্ট্রীয় পদমর্যাদা ক্রম অনুযায়ী সংশ্লিষ্ট এলাকার সংসদ সদস্য একজন গুরুত্বপূর্ণ জনপ্রতিনিধি ও আইনপ্রণেতা। সাধারণত সরকারি কর্মকর্তারা সংসদ সদস্যদের আনুষ্ঠানিকভাবে অভ্যর্থনা জানিয়ে থাকেন। ফলে একজন সংসদ সদস্যের পক্ষ থেকে ইউএনওর কার্যালয়ে গিয়ে সংবর্ধনা দেওয়ার বিষয়টি প্রশাসনিক রীতি ও নিরপেক্ষতার দৃষ্টিকোণ থেকে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
তবে বিষয়টিকে ইতিবাচকভাবে দেখছেন অনেকে। তাদের মতে, স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও সমন্বয় থাকলে এলাকার উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়নে গতি বাড়তে পারে। এ প্রসঙ্গে নবনিযুক্ত ইউএনও আফরোজ শাহীন খসরু বলেন, ‘আমি সম্প্রতি নতুন কর্মস্থলে যোগ দিয়েছি। যেহেতু আমরা একসঙ্গে এলাকার উন্নয়নে কাজ করব, সেই জায়গা থেকেই এমপি মহোদয় নিজ থেকে এসে সৌজন্য সংবর্ধনা ও উপহার দিয়েছেন। এতে ভবিষ্যতে সমন্বয় করে কাজ করা আরও সহজ হবে।’ এ বিষয়ে বক্তব্য জানতে এমপি আব্দুল গফুরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে ফোনে পাওয়া যায়নি। তবে নিজের ফেসবুক পেজে নবনিযুক্ত ইউএনওকে দেওয়া সংবর্ধনার ছবি পোস্ট করেছেন তিনি।









