খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: ২৫ই জুলাই ২০২৬, ৩:১১ এএম

বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়া সদর উপজেলা স্বেচ্ছাসেবকদলের উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে গতকাল শুক্রবার (২৪ জুলাই) দুপুরের দিকে সদর উপজেলার আলামপুর ইউনিয়নে ৮নং ওয়ার্ডের অন্তর্গত চান্দামারি এলাকায় বৃক্ষ রোপণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষ রোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন। পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সদর উপজেলা বিএনপির সভাপতি ইসমাইল হোসেন মুরাদ ও সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম বিপ্লব, জেলা বিএনপির সদস্য শহিদুজ্জামান খোকন ও আব্দুল মঈদ বাবুল, জেলা বিএনপির সাবেক কোষাধ্যক্ষ জয়নাল আবেদীন প্রধান, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিহাদুজ্জামান জিকু ও আলমগীর হোসেন সহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী।
এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কুষ্টিয়া সদর উপজেলা শাখার সদস্য সচিব শরিফুল ইসলাম। অনুষ্ঠানে সংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন। এ সময় তারা পরিবেশ সংরক্ষণে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে সাধারণ মানুষের প্রতি বেশি বেশি গাছ লাগানো এবং সেগুলোর যথাযথ পরিচর্যা করার আহ্বান জানান। এসময় প্রকৌশলী জাকির হোসেন সরকার বলেন, একটি গাছ শুধু পরিবেশের সৌন্দর্যই বৃদ্ধি করে না, বরং অক্সিজেন সরবরাহ, তাপমাত্রা নিয়ন্ত্রণ এবং জীববৈচিত্র্য সংরক্ষণেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য দেশ গড়ে তুলতে প্রত্যেক নাগরিককে বৃক্ষরোপণে এগিয়ে আসতে হবে। তিনি আরো বলেন, আপনারা ইতিমধ্যে জানেন আমাদের দেশনায়ক প্রধানমন্ত্রী তারেক রহমান সারাদেশে বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন। ৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ করা হবে। এরই ধারাবাহিকতায় কুষ্টিয়াসহ সারাদেশে সরকারি, বেসরকারি ও দলীয় নেতাকর্মী বৃক্ষ রোপণ করছেন। পাশাপাশি দেশের প্রতিটি নাগরিককে অন্তত একটি করে গাছের চারা রোপন করার আহবান জানান তিনি। আমরা চাই সকলের সম্মিলিত সহযোগিতায় একটি সুন্দর বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। পরে দেশ ও জাতির কল্যানে বিশেষ দোয়া করা হয়।
কোনো সম্পর্কিত খবর পাওয়া যায়নি.
মন্তব্য