এম আর নয়ন, কুষ্টিয়া ॥ শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করতে কুষ্টিয়ার খোকসা জানিপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত আট কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে বিদ্যালয় চত্বরে আয়োজিত অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও নগদ এক হাজার টাকা করে তুলে দেওয়া হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক সালমা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খোকসা পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও শিক্ষানুরাগী মো. রিপন হোসেন। এ সময় বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। উপস্থিত শিক্ষক ও অভিভাবকরা মনে করেন, প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের এমন সংবর্ধনার আয়োজন করা হলে শিক্ষার মানোন্নয়নের পাশাপাশি অন্যান্য শিক্ষার্থীরাও পড়াশোনায় আরও মনোযোগী হবে। এটি শিক্ষার্থীদের মধ্যে ইতিবাচক প্রতিযোগিতার মনোভাব তৈরি করে। সংবর্ধনা পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা।
কৃতী শিক্ষার্থী নুসরাত জাহান বলেন, “আজকের এই সম্মান আমাদের ভবিষ্যতে আরও ভালো করার অনুপ্রেরণা যোগাবে। আমরা খুবই খুশি।” নওসিন জাহান আরেক কৃতী শিক্ষার্থী বলেন, “শিক্ষকরা সবসময় আমাদের পাশে ছিলেন। এই সংবর্ধনা আমাদের দায়িত্ব আরও বাড়িয়ে দিল।” বিদ্যালয়ের প্রধান শিক্ষক সালমা খাতুন বলেন, “এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে সুস্থ প্রতিযোগিতা তৈরি করে। আমরা চাই প্রতি বছরই যেন আমাদের বিদ্যালয় থেকে আরও বেশি জিপিএ-৫ আসে। অন্যরাও যেন উৎসাহিত হয়।”
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে খোকসা পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. রিপন হোসেন বলেন, “ বিগত সরকারের আমলে শিক্ষা ব্যবস্থা একেবারে নড়বড়ে ছিল। মনগড়া ফলাফল তৈরি ও অটোপাশের নামে দেশের শিক্ষার পরিবেশ নষ্ট করেছিল। শেখ হাসিনা সরকার শিক্ষাকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছিল। কিন্তু বর্তমান সরকার শিক্ষার মানোন্নয়নে নানামুখী উদ্যোগ গ্রহণ করেছে। মেধার সঠিক মূল্যায়ন হচ্ছে।” তিনি আরও বলেন, “আজ যারা জিপিএ-৫ পেয়েছে, তারাই আগামী দিনের বাংলাদেশ গড়বে। তাদেরকে সব ধরনের সহযোগিতা করতে আমরা প্রস্তুত।









