কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়ায় বজ্রপাতে দুজনের মৃত্যু

বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়া জেলার পৃথকস্থানে বজ্রপাতে দুজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরো তিনজন। গতকাল বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে কুষ্টিয়া সদর উপজেলার আলামপুর ইউনিয়নের দহকোলা গ্রামে ও দৌলতপুর উপজেলার রিফাইতপুর ইউনিয়নের নারায়ণপুর গ্রামে এ দুটি ঘটনা ঘটেছে। এদিন দুপুর আড়াইটার দিকে মাঠে কাজ করার সময় বজ্রপাতে সদর উপজেলার আলামপুর ইউনিয়নের দহকুলা কারিগরপাড়া গ্রামে একজন ও জোতপাড়া গ্রামের তিনজন গুরুতর আহত হন।

তাদের উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় দহকুলা কারিগরপাড়া গ্রামের মৃত মোসলেম উদ্দিনের ছেলে মো. রওশন আলী ওরফে নুশু মারা যান। আহত অবস্থায় একই গ্রামের মৃত হারেজ আলীর ছেলে সমেজ আলী, রজব আলী এবং জোতপাড়া গ্রামের মৃত ছলিম উদ্দিনের ছেলে আব্দুল জলিল কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অন্যদিকে দৌলতপুর উপজেলার রিফাইতপুর ইউনিয়নের নারায়ণপুর গ্রামের আরোজ আলী (২৮) নামে এক যুবক বজ্রপাতে নিহত হয়েছেন। তিনি একই গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। এদিন দুপুরে বাড়ির আঙিনায় কাজ করার সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই আরোজ আলী নিহত হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক আরোজ আলীর মৃত্যু নিশ্চিত করেন। কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. আকুল উদ্দিন জানান, বজ্রপাতে একজনকে মৃত অবস্থায় কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছিল এবং এ ঘটনায় কয়েকজন আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছে। আর দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. তৌহিদুল হাসান তুহিন বজ্রপাতে একজন নিহত হওয়ার ঘটনাটি নিশ্চিত করেছেন। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান ও কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাকির হোসেন বজ্রপাতের নিহতের সত্যতা নিশ্চিত করেছেন।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর