বিশেষ প্রতিনিধি ॥ এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কুষ্টিয়া শহর শাখা। “মেধা ও দেশপ্রেমে গড়ি ইনসাফের বাংলাদেশ” প্রতিপাদ্যে আয়োজিত এ অনুষ্ঠানে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কৃতী শিক্ষার্থীদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। গতকাল বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১১টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে কৃতি শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও বিভিন্ন পর্যায়ের অতিথিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন হাফেজ মু. বুরহান উদ্দিন। পরে হিল্লোল সাহিত্য সাংস্কৃতিক সংসদ, কুষ্টিয়া হামদ পরিবেশন করে। উদ্বোধনী বক্তব্য দেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কুষ্টিয়া শহর শাখার সভাপতি হাফেজ আব্দুল্লাহ আল মামুন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের আরবি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. কামরুল হাসান, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কুষ্টিয়া জেলা শাখার সভাপতি মো. ইমরান বিশ্বাস, কেন্দ্রীয় সমাজসেবা সম্পাদক ও রাকসু ভিপি মোস্তাকুর রহমান জাহিদ এবং ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম।
এ সময় জুলাই আন্দোলনের একজন যোদ্ধা সেলিম রেজা তার অভিজ্ঞতা তুলে ধরেন। এছাড়া ছাত্রশিবিরের আইটি বিভাগের উদ্যোগে জুলাই আন্দোলনভিত্তিক একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। হিল্লোল সাহিত্য সাংস্কৃতিক সংসদ দেশাত্মবোধক ও শুভেচ্ছা সংগীত পরিবেশন করে। অনুষ্ঠানে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের মধ্য থেকে দুজন নিজেদের অনুভূতি প্রকাশ করেন। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি ইউসুফ আলী।
প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী কুষ্টিয়া জেলা আমির অধ্যক্ষ খন্দকার এ কে এম আলী মুহসিন বলেন, শিক্ষার্থীদের মেধার পাশাপাশি নৈতিকতা, দেশপ্রেম ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ হয়ে দেশ ও সমাজের কল্যাণে কাজ করতে হবে। তিনি ভবিষ্যৎ নেতৃত্ব গড়ে তুলতে শিক্ষার্থীদের নিজেদের যোগ্য ও দায়িত্বশীল নাগরিক হিসেবে প্রস্তুত হওয়ার আহ্বান জানান। সভাপতির সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়। পরে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন অতিথিরা।









