কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

চাকরি স্থায়ীকরণ ও ঠিকাদারি প্রথা বাতিলের দাবিতে বিএটিবি শ্রমিকদের মানববন্ধন

বিশেষ প্রতিনিধি ॥ চাকরি স্থায়ীকরণ ও আউটসোর্সিং প্রথা বাতিলের দাবিতে কুষ্টিয়ায় মানববন্ধন ও বিক্ষোভ করেছেন ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশের (বিএটিবি) শ্রমিকরা। গতকাল বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ের কালেক্টরেট চত্বরে বিএটিবি ফিল্ড টেকনিশিয়ান ও অফিস স্টাফ শ্রমিক কল্যাণ ইউনিয়নের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, তারা দীর্ঘদিন ধরে বিএটিবির বিভিন্ন স্থায়ী প্রকৃতির কাজে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। কিন্তু ঠিকাদারি ব্যবস্থার কারণে চাকরির স্থায়িত্ব, ন্যায্য অধিকার ও কর্মক্ষেত্রে নিরাপত্তা নিয়ে তারা অনিশ্চয়তার মধ্যে রয়েছেন। শ্রমিক নেতারা বলেন, বছরের পর বছর একই প্রতিষ্ঠানে কাজ করার পরও তাদের সরাসরি প্রতিষ্ঠানের কর্মী হিসেবে স্বীকৃতি দেওয়া হচ্ছে না।

ঠিকাদারি প্রথার মাধ্যমে শ্রমিকদের অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে বলেও অভিযোগ করেন তারা। এ সময় বক্তারা অবিলম্বে ঠিকাদারি বা আউটসোর্সিং প্রথা বাতিল করে দীর্ঘদিন ধরে কর্মরত শ্রমিকদের বিএটিবির নিজস্ব পে-রোলে স্থায়ীভাবে নিয়োগের দাবি জানান। মানববন্ধন শেষে শ্রমিক প্রতিনিধিরা জেলা প্রশাসকের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি দেন। দাবি দ্রুত বাস্তবায়ন না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন সংগঠনের নেতারা। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি আরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক সামিউল ইসলামসহ কুষ্টিয়া অঞ্চলের বিএটিবির বিভিন্ন পর্যায়ের ফিল্ড টেকনিশিয়ান, অফিস স্টাফসহ সর্বস্তরের শ্রমিকরা ব্যানার ও প্ল্যাকার্ড হাতে অংশ নেন।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর