ভেড়ামারা প্রতিনিধি ॥ কুষ্টিয়ার ভেড়ামারায় মোটরসাইকেল, সিএনজি ও ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে মো. রাশেদুল (৫০) নামে এক সিএনজি যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন যাত্রী গুরুতর আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল আনুমানিক ১০ টার সময় ভেড়ামারা থানাধীন ১২ মাইল মোড় সংলগ্ন কুষ্টিয়া-পাবনা মহাসড়কে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত মো. রাশেদুল কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার নতুন আমদহ গ্রামের মৃত জোয়াদ মন্ডলের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে ভেড়ামারা থেকে ছেড়ে কুষ্টিয়াভিমুখী একটি যাত্রীবাহী সিএনজি সাথে বিপরীতমুখী ট্রাক ও একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিটি মারাত্মকভাবে দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই সিএনজি ড্রাইভার ও সিএনজি যাত্রী সহ পাঁচজন গুরুতর আহত হন। ঘটনাস্থল আহতদের স্থানীয়দের সহায়তায় দ্রুত উদ্ধার করে ভেড়ামারার ১৬ দাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক মো. রাশেদুলকে মৃত ঘোষণা করেন।
আহত বাকি চারজন যাত্রী মধ্যে দুইজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি হয়েছেন তারা হলেন সিরাজুল (৪৮), রতন (৩১) দুই জনের বাড়ি ভেড়ামারা উপজেলায়, বাকি দুইজন বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা নিচ্ছেন এদের সবার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। চৌড়হাস হাইওয়ে পুলিশ এস আই আব্দুল হালিম ও ট্রাফিক সার্জেন্ট আমিনুল জানায়, দুর্ঘটনার খবর পেয়েই পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করে। দুর্ঘটনাকবলিত যানবাহনগুলো সড়ক থেকে সরিয়ে নেওয়া হয়েছে এবং বর্তমানে কুষ্টিয়া-পাবনা মহাসড়কে যান চলাচল সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। হাইওয়ে পুলিশ এই ঘটনার তদন্ত করছে এবং লাশ ও দুর্ঘটনায় কবলিত ট্রাক ও সিএনজিকে হাই ও পুলিশ কুষ্টিয়া হাইওয়ে থানায় নিয়ে যাওয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।









