বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়ায় ১ হাজার টাকার জাল নোট এবং ২৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার হওয়া শাহাবুল ইসলাম ওরফে সাবু নামের এক ব্যক্তিকে ৭ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। সাজাপ্রাপ্ত সাবু দৌলতপুর উপজেলার কল্যাণপুর গ্রামের মৃত ছপের মালিথার ছেলে। গতকাল বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে কুষ্টিয়ার অতিরিক্ত দায়রা জজ ২য় আদালতের বিচারক নাদিরা সুলতানা এ রায় ঘোষণা করেন। সাজা ঘোষণার পাশাপাশি আসামিকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ২ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। রায় প্রদানের সময় আসামি আদালতে অনুপস্থিত থাকায় তাকে দ্রুত গ্রেফতার করে সাজা কার্যকরের জন্য পুলিশকে নির্দেশ দিয়েছেন আদালত।
বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী (অতিরিক্ত পিপি) অ্যাডভোকেট হাফিজুল ইসলাম মুনীর। মামলা সূত্রে জানা যায়, ২০১৮ সালের ১ ডিসেম্বর রাত ৮টার দিকে কুষ্টিয়া সদর উপজেলার বাড়াদী হাটপাড়া ব্রিজ সংলগ্ন এলাকায় পুলিশ মাদকবিরোধী অভিযান চালায়। অভিযানকালে ইয়াবা ও জাল নোট কেনাবেচার সময় সাবুকে হাতেনাতে গ্রেফতার করা হয়। পরবর্তীতে তার দেহ তল্লাশি করে ১ হাজার টাকার ৬টি জাল নোট এবং ২৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় কুষ্টিয়া মডেল থানায় মামলা দায়েরের পর তদন্তকারী কর্মকর্তা এসআই আব্দুল হালিম ২০১৯ সালের ১৮ জানুয়ারি আদালতে চার্জশিট দাখিল করেন। মামলায় ৪ জন সাক্ষীর সাক্ষ্যপ্রমাণ গ্রহণ শেষে আদালত গতকাল এ রায় প্রদান করেন।









