দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার দৌলতপুরে ফেসবুকে অপপ্রচার ও মিথ্যা সংবাদ পরিবেশনের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন প্রাগপুর বাজারের রেস্টুরেন্ট ব্যবসায়ী ইনজা মামুল হোসেন পাপ্পু। গতকাল বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে ‘দৌলতপুরের খাবার ব্যবসায়ীদের’ ব্যানারে প্রাগপুর বাজারে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে লিখিত বক্তব্যে নিজের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত বিভিন্ন অভিযোগের প্রতিবাদ জানান পাপ্পু।
লিখিত বক্তব্যে পাপ্পু অভিযোগ করেন, তার রেস্টুরেন্টের শেফ আলামিন তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের অপপ্রচার ও মানহানিকর বক্তব্য দিয়ে আসছেন। পাশাপাশি এলাকার কয়েকজন যুবক তার ব্যবসাপ্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে ব্যবসা-বাণিজ্য বন্ধ করে দিয়েছেন বলেও অভিযোগ করেন তিনি। পাপ্পু বলেন, শেফ আলামিনের বিরুদ্ধে মাদকাসক্তির বিষয়টি জানতে পারার পর থেকে তিনি বিষয়টি নিয়ে সতর্ক অবস্থান নেন। পরবর্তীতে আলামিন কয়েকজন বন্ধুকে নিয়ে তার ব্যবসাপ্রতিষ্ঠানে আড্ডা দিলে তিনি তাদের নিষেধ করেন। এ সময় তাদের সঙ্গে তার বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে তিনি পড়ে গিয়ে আঘাত পান বলে দাবি করেন পাপ্পু।
তার অভিযোগ, ওই ঘটনার পর থেকেই আলামিন তার বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ধরনের অপপ্রচার চালিয়ে আসছেন। এতে তার ব্যবসায়িক সুনাম ক্ষুণ্ন হচ্ছে এবং ব্যবসা পরিচালনায়ও নানা সমস্যার সৃষ্টি হচ্ছে। সংবাদ সম্মেলনে পাপ্পু তার বিরুদ্ধে প্রচারিত অপপ্রচার ও মিথ্যা তথ্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। একইসঙ্গে ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত বিষয় উদঘাটন এবং তার ব্যবসাপ্রতিষ্ঠান স্বাভাবিকভাবে পরিচালনার পরিবেশ নিশ্চিত করার দাবি জানান তিনি। এ বিষয়ে অভিযুক্ত শেফ আলামিনের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।









