বিশেষ প্রতিনিধি ॥ সেরা হুফফাজ ফাউন্ডেশন বাংলাদেশ আয়োজিত ১০ম জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা-২০২৬-এর কুষ্টিয়া জেলা ভিত্তিক বাছাই পর্ব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) কুষ্টিয়া সদর উপজেলার পাটিকাবাড়ী ইউনিয়নের মাজিলা মডেল মাদ্রাসা অ্যান্ড ইসলামিক স্কুলে সকাল থেকে বিকেল পর্যন্ত এ বাছাই পর্ব অনুষ্ঠিত হয়। এতে কুষ্টিয়া জেলার ১২টি মাদ্রাসার শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। মাজিলার কৃতি সন্তান ডেনমার্ক প্রবাসী আব্দুল্লাহ আল মামুনের সার্বিক প্রচেষ্টায় জেলা ভিত্তিক কোরআন প্রতিযোগীতার বাছাই পর্ব শেষে দ্বিতীয় পর্বে বিজয়ীদের হাতে পুরস্কার, সম্মাননা ও ক্রেস্ট তুলে দেন অতিথিরা।
মাজিলা মডেল মাদ্রাসা অ্যান্ড ইসলামিক স্কুলের সভাপতি সিরাজুল ইসলাম গাজীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের সহ-সভাপতি শেখ আব্দুল জলিল। বিশেষ অতিথি ছিলেন ইবি থানা জামায়াতের সহকারী সেক্রেটারি ডা. মাও: ইব্রাহিম খলিল সহ গন্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানটি পরিচালনা করেন মাদ্রাসার মুহতামিম ও পরিচালক আলহাজ্ব ক্বারী মশিউর রহমান। সেরা হুফফাজ ফাউন্ডেশন বাংলাদেশের চেয়ারম্যান হাফেজ মাওলানা গাজী আবু ইউসুফ মাহমুদী ও মহাসচিব হাফেজ ক্বারী আব্দুর রাজ্জাক মহিউদ্দিনের উদ্যোগে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
বক্তারা বলেন, “কোরআন শুধু তিলাওয়াত ও মুখস্থ করার বিষয় নয়; কোরআনের শিক্ষা ব্যক্তি, পরিবার ও সমাজজীবনে বাস্তবায়ন করাই এর মূল উদ্দেশ্য। কোমলমতি শিক্ষার্থীদের কোরআনের আলোয় আলোকিত করতে এমন আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাই সন্তানদের কোরআনের শিক্ষায় শিক্ষিত করার পাশাপাশি তাদের নৈতিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলতে হবে।









