খোকসায় সড়ক দুর্ঘটনায় পরীক্ষার্থীসহ আহত দুই - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

খোকসায় সড়ক দুর্ঘটনায় পরীক্ষার্থীসহ আহত দুই

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: মে ১৯, ২০২৬

সবুজ আলী, খোকসা ॥ কুষ্টিয়ার খোকসা উপজেলায় সড়ক দুর্ঘটনায় এক পরীক্ষার্থী ও অটোরিকশা চালক গুরুতর আহত হয়েছেন।  গতকাল সোমবার (১৮ মে) দুপুর ১২টার দিকে খোকসা-মোড়াগাছা বাজার সংলগ্ন ব্রিজের ওপর এ দুর্ঘটনা ঘটে। আহত পরীক্ষার্থীর নাম স্মৃতি রানী কর্মকার। তিনি খোকসা সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০২১ সেশনের শিক্ষার্থী এবং মামুদালীপুর গ্রামের সাগর কর্মকারের স্ত্রী। জানা যায়, পরীক্ষা দেওয়ার উদ্দেশ্যে তিনি অটোরিকশাযোগে কুমারখালী সরাসরি কলেজে যাচ্ছিলেন। অটোতে মোট ছয়জন যাত্রী ছিলেন। জনা যায়, মোড়াগাছা ব্রিজের ওপর একটি ট্রাকের পেছনে অটোরিকশাটি চলছিল।

এসময় হঠাৎ ট্রাকটি ব্রেক করলে অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশা চালক ও পরীক্ষার্থী স্মৃতি রানী গুরুতর আহত হন। দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত সহকারী মেডিকেল অফিসার ডা. মো. জাহিদ হোসেন প্রাথমিক চিকিৎসা দেন। পরে স্মৃতি রানীর অবস্থার অবনতি হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া সদর হাসপাতালে পাঠানো হয়।

আহত অটোচালককে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রাখা হয়েছে। আহত অটোচালক নাজিমউদ্দিন, বাড়ি খোকসা উপজেলার হেলালপুর গ্রামে। তিনি জানান, যাত্রী নিয়ে কুমারখালীর উদ্দেশ্যে যাচ্ছিলেন। ট্রাকের পেছনে চলার সময় হঠাৎ ট্রাকটি ব্রেক করলে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার সময় স্মৃতি রানীর হাতে থাকা পরীক্ষার ফাইলটি রক্তে ভিজে যায়। ফাইলের ভেতরে তার প্রবেশপত্র, কয়েকশ টাকা ও দুটি কলম ছিল। মর্মান্তিক এ দুর্ঘটনার কারণে তার আর পরীক্ষা দেওয়া হলো না।