দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়া সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মদ, ডেক্সামেথাসন ট্যাবলেট এবং চকলেট বাজি উদ্ধার।কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল সোমবার (৬ এপ্রিল) আনুমানিক রাত সাড়ে ১২ দিকে কাজিপুর বিওপির দায়িত্বপূর্ণ কুষ্টিয়া জেলার কাজিপুর বর্ডার পাড়া নামক স্থানে একটি চৌকষ টহল দল অভিযান পরিচালনা করে।
উক্ত অভিযানে মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানী মালামাল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে ভারতীয় ২০ বোতল মদ, ১,৪২০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট এবং ৫,২৭০ পিস চকলেট বাজি। উদ্ধারকৃত মালামালের আনুমানিক সিজার মূল্য ৫ লক্ষ ৮৭ হাজার ৭৫০ টাকা।
কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে আসছে। দেশের যুবসমাজকে মাদকের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা এবং জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির এ ধরনের অভিযান ও নজরদারি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
