কুষ্টিয়া জেলা বিএনপির বর্ষবরণ ও শোভাযাত্রা - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়া জেলা বিএনপির বর্ষবরণ ও শোভাযাত্রা 

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: এপ্রিল ১৬, ২০২৬

বিশেষ প্রতিনিধি ॥ পহেলা বৈশাখ উদযাপনে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন করেছে কুষ্টিয়া জেলা বিএনপি। মঙ্গলবার (১৪ এপ্রিল) পহেলা বৈশাখ, নতুন বছরকে স্বাগত জানাতে সকাল ১০টার দিকে কুষ্টিয়া পৌরসভা বিজয় উল্লাস থেকে জেলা বিএনপির নেতৃত্বে এক শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একতারা মোড়ে গিয়ে শেষ হয়। সেখানে জেলা বিএনপির সদস্য সচিব ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকারের সঞ্চালনায় সমাপনী বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক কুতুব উদ্দিন আহমেদ।

অনুষ্ঠানে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন, কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মিরাজুল ইসলাম রিন্টু, সাবেক আইন বিষয়ক সম্পাদক অ্যাড. আব্দুল মজিদ ও সাবেক কোষাধ্যক্ষ জয়নাল আবেদীন প্রধান, জেলা বিএনপির সদস্য শহিদুজ্জামান খোকন, আব্দুল মঈদ বাবুল, আবু তালেব, কুষ্টিয়া পৌর বিএনপির সভাপতি এ কে বিশ্বাস বাবু ও সাধারণ সম্পাদক কামাল উদ্দিন, সদর উপজেলা বিএনপির সভাপতি ইসমাইল হোসেন মুরাদ, সাংগঠনিক সম্পাদক জিহাদুজ্জামান জিকু ও আলমগীর হোসেন, জেলা যুবদলের সাবেক সভাপতি আল আমীন রানা কানাই, জেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি আব্দুল হাকিম মাসুদ, সদর উপজেলা যুবদলের আহবায়ক আব্দুল মাজেদ, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মাহফুজুর রহমান মিথুন, জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক জামিরুল ইসলাম জামির প্রমূখ।

এছাড়া শোভাযাত্রায় দলীয় নেতাকর্মী, সমর্থক এবং বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে রঙিন ব্যানার, ফেস্টুন ও ঐতিহ্যবাহী সাজসজ্জায় শোভাযাত্রাটি প্রাণবন্ত হয়ে ওঠে। পরে সংক্ষিপ্ত সমাবেশে জেলা বিএনপির আহবায়ক কুতুব উদ্দিন আহমেদ বলেন, পহেলা বৈশাখ আমাদের কৃষ্টির অন্যতম একটি গুরুত্বপূর্ণ উৎসব। এটি শুধু একটি উৎসব নয়, বরং আমাদের বাঙালি জাতিসত্তা, সংস্কৃতি ও ঐতিহ্যের গভীর প্রকাশ।

এই দিনটি আমাদের সবাইকে একত্রিত করে, ভেদাভেদ ভুলে নতুনভাবে এগিয়ে যাওয়ার প্রেরণা যোগায়।  তিনি বলেন, আবহমান বাংলার সংস্কৃতি আমাদের অসাম্প্রদায়িক চেতনার প্রতীক। এখানে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই একসাথে উৎসব পালন করে, একে অপরের সুখ-দুঃখে অংশ নেয়, এটাই আমাদের প্রকৃত শক্তি। এই ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে হবে। আধুনিকতার সাথে তাল মিলিয়ে চললেও আমাদের শিকড় ও সংস্কৃতিকে কখনো ভুলে গেলে চলবে না।

তিনি বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমাননের নেতৃত্বে  দেশের উন্নয়নের পাশাপাশি কুষ্টিয়ার উন্নয়ন ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে আমাদের সকলকে কাজ করতে হবে। তাহলে আমাদের সংস্কৃতিকে ধারণ ও লালন করার মাধ্যমে আমরা একটি সুন্দর, মানবিক ও সম্প্রীতিময় সমাজ গড়ে তুলতে পারবো। এছাড়া জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার বলেন, আপনাদের সবাইকে বাংলা নববর্ষের আন্তরিক শুভেচ্ছা, শুভ নববর্ষ।

পহেলা বৈশাখ বাঙালি জাতির প্রাণের উৎসব। এটি কেবল একটি নতুন বছরের সূচনা নয়, বরং আমাদের সংস্কৃতি, ঐতিহ্য ও অসাম্প্রদায়িক চেতনার এক অনন্য বহিঃপ্রকাশ। এই দিনটি আমাদেরকে সব বিভেদ ভুলে একত্রিত হতে শেখায়। এই আনন্দঘন মুহূর্তে আমরা অতীতের সকল ব্যর্থতা ও গ্লানি পেছনে ফেলে নতুন আশা ও সম্ভাবনা নিয়ে সামনে এগিয়ে যাওয়ার অঙ্গীকার করি।

তিনি আরো বলেন, আমরা এমন একটি কুষ্টিয়া চাই, যেখানে থাকবে পরিচ্ছন্ন পরিবেশ, সবুজে ঘেরা নগর এবং সুস্থ জীবনযাপনের নিশ্চয়তা। পরিবেশ রক্ষা, পরিচ্ছন্নতা বজায় রাখা এবং নগর উন্নয়নে জনগণের সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আসুন, আমরা প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করি, রাস্তা-ঘাট পরিষ্কার রাখা, গাছ লাগানো এবং পরিবেশবান্ধব জীবনযাপন গড়ে তোলার মাধ্যমে।