বিশেষ প্রতিনিধি ॥ উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে কুষ্টিয়া দিনমনি বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ, এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (১৫ এপ্রিল) দুপুর ১২টার দিকে কুষ্টিয়া শহরের আড়ুয়াপাড়া দিনমণি মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কুষ্টিয়া জেলা প্রশাসক তৌহিদ বিন-হাসান।
প্রধান আলোচক ছিলেন, জেলা বিএনপির আহবায়ক কুতুব উদ্দিন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা আইসিটি) মিজানুর রহমান প্রমূখ। এতে সভাপতিত্ব করেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সালাউদ্দিন খান। এছাড়া শিক্ষক ও অভিভাবকসহ বিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলোয়াত পাঠ করা হয়।
এর আগে বেশ কয়েকদিন যাবৎ বিভিন্ন ক্রীড়া ইভেন্টে শিক্ষার্থীরা অংশগ্রহণ করে, যার মধ্যে দৌড়, লং জাম্প, উচ্চ লাফসহ নানা আকর্ষণীয় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে আনুষ্ঠানিকভাবে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নেওয়া বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ। একইসঙ্গে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় জানানো হয় এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করা হয়।
এছাড়া কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়। লেখাপড়া ও সহশিক্ষা কার্যক্রমে বিশেষ অবদানের জন্য তাদের সম্মাননা দেওয়া হয়। এসময় জেলা প্রশাসক তৌহিদ বিন-হাসান বলেন, খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাশাপাশি তিনি এসএসসি পরীক্ষার্থীদের মনোযোগ সহকারে পরীক্ষা দেওয়ার আহ্বান জানান এবং জীবনে সফল হওয়ার জন্য কঠোর পরিশ্রমের গুরুত্ব তুলে ধরেন।
এছাড়া জেলা বিএনপির আহবায়ক কুতুব উদ্দিন আহমেদ বলেন, আজকের এই আনন্দঘন ও একইসাথে আবেগঘন অনুষ্ঠানে, পুরস্কার বিতরণ, এসএসসি পরীক্ষার্থীদের বিদায় এবং কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা জানাতে আমরা একত্রিত হয়েছি। এটি একটি বিদ্যালয়ের জন্য গর্বের দিন, আবার বিদায়ী শিক্ষার্থীদের জন্য কিছুটা আবেগেরও দিন। কৃতি শিক্ষার্থীদের উদ্দেশ্য তিনি বলেন, তোমাদের এই অর্জন শুধু ব্যক্তিগত সাফল্য নয়, এটি পরিবার, শিক্ষক ও প্রতিষ্ঠানেরও গৌরব। এই সাফল্য ধরে রেখে ভবিষ্যতে আরও বড় লক্ষ্যে এগিয়ে যেতে হবে। এসএসসি পরীক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, জীবনের এই গুরুত্বপূর্ণ পরীক্ষাটি তোমাদের ভবিষ্যৎ পথচলার একটি ধাপ মাত্র।
মনোযোগ, আত্মবিশ্বাস ও কঠোর পরিশ্রমের মাধ্যমে তোমরা অবশ্যই সফল হবে। সামনে যে সময়টুকু আছে, সেই সময়টুকু অপচয় না করে লেখাপড়ায় মনোযোগী হলে সফলতা আসবেই। এদিকে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতায় অংশ নেওয়া বিজয়ী ও পরাজিত শিক্ষার্থীদের উদ্দেশ্য কুতুব উদ্দিন আহমেদ আরো বলেন, আজকে যারা বিজয়ী হয়েছো পরিশ্রম, অধ্যবসায় ও অংশগ্রহণের মাধ্যমে আজকের এই সাফল্য এসেছে।
তবে মনে রাখতে হবে, এই বিজয়ই শেষ নয়, বরং এটি আরও বড় অর্জনের পথে একটি ধাপ মাত্র। ভবিষ্যতে লেখাপড়াকে গুরুত্ব দিয়ে শিক্ষামূলক যে কো প্রতিযোগীতায় আরও ভালো করার মানসিকতা নিয়ে এগিয়ে যেতে হবে। আর যারা বিজয়ী হতে পারোনি, তাদের হতাশ হওয়ার কিছু নেই। খেলাধুলায় জয়-পরাজয় একটি স্বাভাবিক বিষয়। আজ যারা পরাজিত, তাদের মধ্য থেকেই আগামী দিনে অনেকে বড় সাফল্য অর্জন করবে।
