কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়ার ঝাউদিয়ায় সংঘর্ষ, নারীসহ আহত ৫

ইবি থানা প্রতিনিধি ॥ কুষ্টিয়ার সদর উপজেলার ঝাউদিয়া ইউনিয়নের উদয়পুর ও মাছপাড়া এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও হামলার ঘটনা ঘটেছে। এতে নারীসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়দের আশঙ্কা, দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া না হলে যেকোনো সময় ফের রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটতে পারে।

 

গতকাল রোববার (৪ অক্টোবর) দুপুরে উদয়পুর ও মাছপাড়া এলাকায় পৃথকভাবে এ হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে। ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

 

পুলিশ, স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা যায়, গত এক মাস ধরে ঝাউদিয়া ইউনিয়নের উদয়পুর ও মাছপাড়া এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধ চলে আসছে। এ নিয়ে এরই মধ্যে কয়েক দফা সংঘর্ষ, হামলা ও বাড়িঘর ভাঙচুরের ঘটনা ঘটেছে বলে স্থানীয়দের দাবি।

 

এরই ধারাবাহিকতায় রোববার দুপুরে পেশকার ও রিপন গ্রুপের লোকজন রবিউল মন্ডলের গ্রুপের সঙ্গে সম্পৃক্ত মান্নান মন্ডলের বাড়িতে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় বলে অভিযোগ ওঠে। এ সময় বাড়িঘর ভাঙচুর ও হামলার ঘটনায় ডালিম, মর্জিনা ও মনোয়ারসহ অন্তত পাঁচজন আহত হন। আহতদের দ্রুত উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয়।

 

আহত ডালিমের স্বামী মান্নান মন্ডল অভিযোগ করে বলেন, আমাদের বাড়ি মাছপাড়ায়। দুপুরে আমি বাঁশ কাটছিলাম। এ সময় পেশকার ও রিপন গ্রুপের লোকজন আমাদের বাড়িতে হামলা চালায়। তারা দেশীয় অস্ত্র নিয়ে বাড়িঘর ভাঙচুর করে। এ সময় তাদের সঙ্গে পুলিশও ছিল।

 

আহত মর্জিনা খাতুন বলেন, বাড়িতে পুরুষ মানুষ না থাকার সুযোগে তারা আমাদের ওপর হামলা করেছে। আমার মাথায় বেশ কয়েকটি সেলাই লেগেছে। গত এক মাস ধরে এলাকায় এ ধরনের সংঘর্ষ চলছে।

 

স্থানীয়দের দাবি, দীর্ঘদিনের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের বিরোধের জেরে এলাকায় বারবার সংঘর্ষের ঘটনা ঘটছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুত কার্যকর ব্যবস্থা না নেওয়া হলে বড় ধরনের সংঘর্ষ ও প্রাণহানির আশঙ্কা রয়েছে।

 

কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. ইকবাল হাসান বলেন, মারামারির ঘটনায় তিনজন হাসপাতালে এসেছেন। তাদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে।

 

থানা পুলিশ জানায়, সংঘর্ষের খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ কাজ করছে। ঘটনার সঙ্গে জড়িতদের বিষয়ে অভিযোগ ও তথ্য যাচাই করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর