মিরপুর প্রতিনিধি ॥ “মাদককে না বলুন, মাদকমুক্ত সমাজ গড়ুন” এবং “খেলাধুলার মাধ্যমে গড়ে উঠুক সুস্থ ও সুন্দর সমাজ”—এই বার্তা নিয়ে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়ে গেল মাদক বিরোধী প্রীতি ফুটবল টুর্নামেন্ট।
চার প্রজন্মের খেলোয়াড়দের অংশগ্রহণে আয়োজিত এই ব্যতিক্রমী ফুটবল ম্যাচ উপভোগ করতে মাঠে ঢল নেমেছিল হাজারো ফুটবলপ্রেমী দর্শকের।
মশান উদয়ন সংঘের আয়োজনে মশানের ঐতিহ্যবাহী মশান হাই স্কুল মাঠে গতকাল শনিবার (৩ অক্টোবর) সন্ধ্যা ৭টায় জমকালো পরিবেশে এই প্রীতি ফুটবল খেলাটি অনুষ্ঠিত হয়।
খেলা দেখতে স্থানীয় ও আশেপাশের এলাকা থেকে আসা বিপুল সংখ্যক দর্শকের উপস্থিতিতে পুরো মাঠ মুখরিত হয়ে ওঠে।
খেলা শেষে এক মনোজ্ঞ পরিবেশনায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।
উদয়ন সংঘের প্রতিষ্ঠাতা সভাপতি ও কৃতি ফুটবলার দানিছুর রহমান দানার সভাপতিত্বে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে অতিথিরা তাঁদের বক্তব্যে তরুণ ও যুবসমাজকে মাদকের মতো ভয়াবহ ব্যাধি থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই বলে জোর দেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারুইপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি খন্দকার লুৎফর রহমান এবং সাধারণ সম্পাদক রবিউল আলম মুকুল। এছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, ক্রীড়ানুরাগী ও সংশ্লিষ্ট উদয়ন সংঘের কর্মকর্তা-সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন এবং বিজয়ী খেলোয়াড়দের হাতে পুরষ্কার তুলে দেন।









